অর্ধেক পাগল, অর্ধেক ভালো-মতপার্থক্যের সীমা কোথায়?
মানুষকে বোঝা সহজ নয় এই সত্যটি আমরা প্রতিদিন নতুন করে উপলব্ধি করি। কেউ আচরণে অস্বাভাবিক, কেউ চিন্তায় অদ্ভুত, কেউ আবার যুক্তির বাইরে গিয়ে সিদ্ধান্ত নেয়। তখন আমরা দ্রুতই তাকে ‘পাগল’ বলে আখ্যা দিই। আবার একই মানুষই কখনো কখনো এমন মানবিকতা দেখায়, যা আমাদের বিস্মিত করে। তখন প্রশ্ন জাগে মানুষ কি সত্যিই অর্ধেক পাগল, অর্ধেক ভালো? নাকি আমরা নিজেরাই মানুষকে বুঝতে ব্যর্থ হচ্ছি?এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে সমাজের এক গভীর সংকট মতপার্থক্যের সীমা কোথায়, আর মানুষকে বিচার করার আগে আমরা কতটা বুঝতে চেষ্টা করি? মানুষকে আমরা প্রায়ই সাদা-কালোতে ভাগ করতে চাই ভালো বা খারাপ, স্বাভাবিক বা অস্বাভাবিক, সচেতন বা পাগল। কিন্তু বাস্তবতা এত সরল নয়। একজন মানুষ একই সঙ্গে সহানুভূতিশীল এবং রাগী হতে পারে, যুক্তিবাদী এবং আবেগপ্রবণ হতে পারে। এই জটিলতাই মানুষকে মানুষ করে তোলে।
যখন আমরা কাউকে “অর্ধেক পাগল” বলি, তখন আসলে আমরা তার আচরণের এমন অংশকে চিহ্নিত করি যা আমাদের বোধগম্য নয়। আর “অর্ধেক ভালো” বলার মাধ্যমে আমরা তার মানবিক দিকটি স্বীকার করি। অর্থাৎ, সমস্যাটা মানুষে নয় সমস্যাটা আমাদের বোঝার সীমাবদ্ধতায়। বিশ্বখ্যাত একজন লেখক একদিন লিখেছিলো "এই পৃথিবীতে অর্ধেক মানুষ পাগল"।
পরদিনেই সারা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে সমালোচনা, অগ্নিসংযোগসহ কূষ্পত্তলিকা দাহ শুরু হয়ে গেল। পরিস্থিতি বেগতিক দেখে তিন দিন পর তিনি আবার লিখলেন "এই পৃথিবীতে অর্ধেক মানুষ ভালো"। তৎক্ষণাৎ আবার সারা পৃথিবীতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার তিনি এক গল্পের আসরে বসে বলল, দেখো 'আমি তিন দিন আগে একটি কথা লিখেছি । পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন দিন পর আরেকটি কথা লিখেছি। প্রকারান্তরে আমি কি আমার প্রথম লেখা থেকে সরে গিয়েছি নাকি মানুষের মানবিক বোধশক্তি পরীক্ষা করেছি।
আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো না জেনেই বিচার করা। কোনো ঘটনা ঘটলেই আমরা পুরো সত্য না জেনে সিদ্ধান্তে পৌঁছে যাই। সামাজিক যোগাযোগমাধ্যম এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। একটি ভিডিও, একটি পোস্ট, বা একটি গুজব এইসবের উপর ভিত্তি করে আমরা কাউকে অপরাধী, পাগল, কিংবা অমানবিক বলে চিহ্নিত করি।
কিন্তু আমরা কি কখনো ভাবি ঘটনার পেছনে কী ছিল? সেই মানুষটির মানসিক অবস্থা কী ছিল? তার জীবনের অভিজ্ঞতা, চাপ, কিংবা কষ্ট কতটা গভীর?অনেক সময় মানুষ ভুল করে, অন্যায় করে কিন্তু সেই ভুলের পেছনে থাকে অজ্ঞতা, ভুল শিক্ষা, অথবা মানসিক অস্থিরতা। আমরা যদি এই কারণগুলো বুঝতে না পারি, তাহলে সমস্যার সমাধানও করতে পারব না। প্রতিটি অন্যায় কাজের পেছনে একটি কারণ থাকে। কিছু মানুষ সচেতনভাবে অন্যায় করে লাভের আশায়, ক্ষমতার লোভে, কিংবা প্রতিশোধ নিতে। কিন্তু অনেক ক্ষেত্রেই অন্যায় হয় না বুঝে, না জেনে।
একজন পথচারী হঠাৎ ট্রাফিক আইন ভঙ্গ করে সে কি অপরাধী, নাকি সে জানেই না তার কাজটি কতটা ঝুঁকিপূর্ণ? একজন অভিভাবক সন্তানের উপর অতিরিক্ত চাপ দেয় সে কি নিষ্ঠুর, নাকি সে মনে করে এটাই সন্তানের ভালো ভবিষ্যতের পথ?
এই জায়গাটাতেই আমাদের ভুল হয়। আমরা কাজ দেখি, কিন্তু কারণ দেখি না। আমরা ফলাফল দেখি, কিন্তু প্রেক্ষাপট বুঝতে চাই না।
“পাগল” শব্দটি আমাদের সমাজে এখনো একটি গালি। কেউ একটু ভিন্নভাবে চিন্তা করলেই তাকে আমরা এই তকমা দিই। কিন্তু আমরা ভুলে যাই মানসিক স্বাস্থ্যের সমস্যাও একটি বাস্তব বিষয়।
চাপ, হতাশা, দারিদ্র্য, পারিবারিক অশান্তি এসব মিলিয়ে একজন মানুষ ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে পারে। তখন তার আচরণ আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। কিন্তু সে কি সত্যিই পাগল? নাকি সে একজন অসহায় মানুষ, যে সাহায্যের প্রয়োজন? আমরা যদি এই জায়গায় সহানুভূতি না দেখাই, তাহলে সেই মানুষটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার আচরণ আরও খারাপ হতে পারে, এবং সমাজের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মতপার্থক্য থাকা স্বাভাবিক। একজন মানুষ যেমন চিন্তা করে, অন্যজন তেমন নাও করতে পারে। কিন্তু সমস্যা হয় তখনই, যখন আমরা মতপার্থক্যকে সহ্য করতে পারি না। আমরা ভাবি আমার মতই সঠিক, অন্য সব ভুল। এই মানসিকতা থেকেই শুরু হয় সংঘাত, হিংসা, এবং অন্যায়।একজন মানুষ যদি ভিন্নভাবে চিন্তা করে, তাকে বোঝার চেষ্টা না করে আমরা তাকে দোষারোপ করি। তখন সে প্রতিক্রিয়া দেখায়, এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো মানবিকতা। কিন্তু আজকের সমাজে এই গুণটি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। আমরা দ্রুত বিচার করি, কিন্তু ধীরে বুঝি। আমরা সমালোচনা করি, কিন্তু সহানুভূতি দেখাই না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, কিন্তু অন্যায়ের কারণ খুঁজতে আগ্রহী নই। মানবিকতা মানে শুধু দান-খয়রাত নয়। মানবিকতা মানে হলো—অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা, তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। এই সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। কিন্তু আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, তাহলে আমাদের শুরু করতে হবে শিক্ষা ও সচেতনতা দিয়ে। শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়। শিক্ষা মানে হলো মানুষকে বোঝা, সহনশীল হওয়া, এবং যুক্তি দিয়ে চিন্তা করা। পরিবার, স্কুল, এবং সমাজ সব জায়গায় এই মূল্যবোধ গড়ে তুলতে হবে।
সচেতনতা বাড়াতে হবে মানসিক স্বাস্থ্য নিয়ে, সামাজিক দায়িত্ব নিয়ে, এবং মানবিক আচরণ নিয়ে। মানুষ যদি বুঝতে শেখে, তাহলে সে অন্যায় করার আগে ভাববে। প্রশ্ন উঠতে পারে এই পরিবর্তনের দায়িত্ব কার? উত্তর সহজ নয়। এটি সবার দায়িত্ব। ব্যক্তি, পরিবার, সমাজ, এবং রাষ্ট্র সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ব্যক্তি হিসেবে আমাদের উচিত কাউকে বিচার করার আগে তাকে বোঝার চেষ্টা করা। পরিবারে সন্তানদের শেখাতে হবে সহানুভূতি ও সহনশীলতা। সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। আর রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে সঠিক শিক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ।
“অর্ধেক পাগল, অর্ধেক ভালো” এই ধারণাটি আসলে আমাদের নিজের সীমাবদ্ধতার প্রতিফলন। আমরা মানুষকে পুরোপুরি বুঝতে পারি না বলেই তাকে এভাবে ভাগ করি।
কিন্তু সত্য হলো প্রতিটি মানুষই জটিল, বহুমাত্রিক, এবং পরিবর্তনশীল। তার ভেতরে ভালোও আছে, ভুলও আছে। আমাদের কাজ হলো ভালোকে উৎসাহ দেওয়া, আর ভুলকে সংশোধনের সুযোগ দেওয়া। না বুঝে, না জেনে বিচার করা বন্ধ করতে হবে। অন্যায়কে শুধু শাস্তি দিয়ে নয়, তার কারণ বুঝে প্রতিরোধ করতে হবে। তবেই আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারব যেখানে কেউ “পাগল” নয়, কেউ “অর্ধেক ভালো” নয়, বরং সবাই মানুষ।মতপার্থক্য থাকবে কিন্তু সেটি যেন বিভাজন নয়, বরং বোঝাপড়ার সেতুবন্ধন হয়। তাহলেই মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠবে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
এমএসএম / এমএসএম
কৃষি কার্ড ভালো উদ্যোগ, তবে চ্যালেঞ্জও আছে
“মরিলেও মরা নহে, যদি লোকে ঘোষে”
অর্ধেক পাগল, অর্ধেক ভালো-মতপার্থক্যের সীমা কোথায়?
অক্ষয় তৃতীয়া: অবিনশ্বর পুণ্য ও সমৃদ্ধির শাশ্বত আবাহন
হরমুজ প্রণালীতে ট্রাম্পের "ডেথ-ব্লক" ও ইরানের "ইউয়ান-টোল" ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ধসের অপেক্ষায় বিশ্ব
বিশ্বাস-অবিশ্বাসে ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা
পহেলা বৈশাখ: সম্প্রীতির উৎসবে রাজনীতির ঊর্ধ্বে এক বাঙালি সত্তা
পহেলা বৈশাখের চেতনা ও ৮ই ফাল্গুন: উৎসবের গণ্ডি পেরিয়ে প্রাত্যহিক ব্যবহারের দাবি
সময়ের সাথে বেমানান প্যাডেল রিকশা, বিকল্প হতে পারে ইজিবাইক
বাংলা নববর্ষ উদযাপনে সেকালের আন্তরিকতা ও একালের আধুনিকতা
চট্টগ্রামের পটিয়ায় একটি আধুনিক মানের সরকারি হাসপাতাল দরকার
নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়