ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ব্রুসলির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৮-৬-২০২৬ রাত ৮:৫৪

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা।

রোববার (২৮ জুন) বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিএফডিসিতে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেন সাংবাদিকরা।
লিখিত অভিযোগে বলা হয়, শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএফডিসিতে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


সাংবাদিকরা অভিযোগপত্রে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিএফডিসিতে প্রবেশসংক্রান্ত নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নেরও আহ্বান জানান তারা।


এ ছাড়া সরকার অনুমোদিত টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সংবাদ সংগ্রহের নামে বিএফডিসিতে প্রবেশ সীমিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, "বিএফডিসি চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্মস্থল হলেও এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনেরও একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে নিরাপদ, স্বাধীন ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আশা করি, ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

আবিদ রহমান / আবিদ রহমান