বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনস্থ রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে তিন দিনব্যাপী রোবোটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত ৭ জুলাই (২০২৬) শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিটি আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। এই প্রশিক্ষণে চীন থেকে আগত পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করছেন। একই সঙ্গে চীনা প্রকৌশলীরা কেন্দ্রের রোবোটিক ডিভাইসগুলোর সার্বিক কার্যকারিতা পরীক্ষা, প্রয়োজনীয় ক্যালিব্রেশন ও কারিগরি সমস্যা সমাধানের কাজ সম্পন্ন করছেন, যা রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে ভূমিকা রাখবে।
চলমান প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিন, ৮ জুলাই (বুধবার) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চীনা বিশেষজ্ঞ দল ও দেশের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীরাও এই আধুনিক রোবোটিক সেবায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সার্বিক কার্যক্রম ও চলমান এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন চিকিৎসা দেশের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রোগীকেন্দ্রিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুনর্বাসন সেবা নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ শাকুর বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন বর্তমানে পুনর্বাসন চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেইন ইনজুরি, পারকিনসন রোগ, সেরিব্রাল পালসি এবং অন্যান্য স্নায়বিক ও মাংসপেশিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের কার্যক্ষমতা পুনরুদ্ধার, দৈনন্দিন জীবনযাত্রায় স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক বিশেষজ্ঞের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি দেশে রোবোটিক পুনর্বাসন চিকিৎসার মানকে বিশ্বপর্যায়ে উন্নীত করবে। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ ভবিষ্যতেও এই আধুনিক সেবার পরিধি সম্প্রসারণ ও গবেষণা কার্যক্রম জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন