ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৬ বিকাল ৬:২

মিনজো স্পোর্টস পার্কের সামনে মানুষের ভিড়। অ্যাথলেটিক্স দেখতে গ্যালারিতে ছিল দর্শকদের আগ্রহ। বাংলাদেশ কন্টিনজেন্টের অনেকেই এসেছিলেন ইমরানুর রহমানের দৌড় দেখতে। তবে বাংলাদেশের দ্রুততম মানবকে শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে। ১০.৪৪ সেকেন্ড টাইমিংয়ে সেমিফাইনালে আটজনের মধ্যে সপ্তম হয়ে ফাইনালে উঠতে পারেননি তিনি। তিন হিট মিলিয়ে ২৪ জনের মধ্যে ইমরানের অবস্থান ২১তম।

সেমিফাইনালে ১ নম্বর হিটে ৯ নম্বর লেনে ছিলেন ইমরান। শুরুটা ভালো করলেও সব সময়ের মতো ৬০ মিটার পরই পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত আটজনের মধ্যে সপ্তম হন ১০.৪৪ সেকেন্ড টাইমিংয়ে। প্রতি হিটের প্রথম দুজন এবং তিন হিট মিলিয়ে সেরা দুই টাইমিংধারী ফাইনালে উঠেছেন। তিন হিট মিলিয়ে বাংলাদেশের ইমরানের অবস্থান ২১তম।

গতকাল প্রাথমিক রাউন্ডের হিটে ইমরান ১০.৪৯ সেকেন্ড করেছিলেন। আজ সেমিফাইনালে সেটা কমিয়ে ১০.৪৪ করলেও হতাশ বাংলাদেশের দ্রুততম মানব। তিনি বলেন, ‘বছরের সবচেয়ে বাজে রেস ছিল এটা, নানা কারণে। তবে এমনটা হয়। আর যা-ই হোক না কেন, আমাকে এখান থেকে সামনে এগোতে হবে। আর কী-ই বা বলব... হ্যাঁ, আমি সত্যিই হতাশ।’

ইমরানের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। মৌসুমসেরা ১০.২৪ সেকেন্ড। দুটির কোনোটিই করতে না পারার কারণ সম্পর্কে বলেন, ‘সব সময় তো আর মনের মতো হয় না। প্যারিসের পর দু’বছর ইনজুরিতে থাকার পর এটাই আমার ফেরার প্রথম বছর। তাই আমাকে ইতিবাচক দিকটাই দেখতে হবে। অন্তত আমার অবস্থা আরও খারাপ হয়নি। তবে আরও ভালো টাইমিং করার চেষ্টা করা উচিত ছিল।’

বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার সেরা ছিল স্প্রিন্টে। এখন সেখান থেকেই দূরে, এশিয়ান পর্যায় থেকে আরও অনেক দূরে। ইংল্যান্ডে বেড়ে ওঠা ইমরান তাই বাংলাদেশ ও এশিয়ার অবস্থানের পার্থক্য নিয়ে বলেন, ‘ওরা বলতে গেলে এশিয়ার সেরা। আমি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছি, আর আজকের দিনে এটাই ছিল আমার সর্বোচ্চ চেষ্টা। আজ আমি এর চেয়ে ভালো দিতে পারতাম না, তবে তা যথেষ্ট ছিল না—আমি আমার আসল মান বা দক্ষতা দেখাতে পারিনি।’

ইমরান পেশাদার অ্যাথলেট হলেও সব সময় অনুশীলনের জন্য সময় দিতে পারেন না। তাই অন্য কাজও করতে হয়। তার চাওয়া পুরোপুরি অনুশীলনে দেওয়া, ‘আমি ফুল-টাইম চাকরি করি। চাকরির পেছনে যেমন প্রচুর শক্তি ব্যয় হয়, তেমনি অনুশীলনেও হয়। অনুশীলনের সময় আমার আরও কিছুটা নমনীয়তা দরকার। আমি জানি নতুন ফেডারেশন কিছু সহযোগিতামূলক বিষয় নিয়ে কাজ করবে। দেখা যাক সামনে কী হয়, কারণ এই খেলায় আমার হয়তো আর দুই থেকে তিন বছর সময় আছে।’

ইমরান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মূলত আলোচনায় এসেছেন এশিয়ান ইনডোরে ৬০ মিটারে স্বর্ণ জিতে। আউটডোরে ইমরান কোনো পদক আনতে পারেননি। ইনডোর-আউটডোর নিয়ে তিনি বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমি সব সময় নিজের খেলায় উন্নতি করতে চাই। আমি জানি এশিয়ান ইনডোরে আমি একটি স্বর্ণপদক পেয়েছিলাম।’

‘সত্যি বলতে, এশিয়ান পর্যায়ে বাংলাদেশের হয়ে পরবর্তী স্বর্ণপদক কবে আসবে, তা আমি নিশ্চিত নই। আমার জন্য ওটাই ছিল সবচেয়ে গর্বের মুহূর্ত। তবে আমি আরও অনেক কিছু দিতে চেয়েছিলাম। আমার মনে হয় সামনের এই দু’টি বছর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপর আমি কতটা দিতে পারব, তা জানা নেই।’

aliul / aliul

১২ গোল খেয়ে ব্রাজিলকে এক গোল দিলো অস্ট্রেলিয়া

ব্রাজিলের জালে অস্ট্রেলিয়ার গোল

সেমিফাইনালে বিদায় নিয়ে হতাশ ইমরানুর

রোনালদোর মতো এমবাপেও কি ৪১ বছর বয়সে ফ্রান্সে খেলার আশা করেন?

বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি

প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’ বাংলাদেশ

বিদায়ী ম্যাচ খেলতে মেসির সম্মতি ও চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন স্কালোনি

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

এশিয়ান গেমসে গামিনীর পরামর্শ নিয়ে সফল হতে চায় বাংলাদেশ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস

নাটকীয় ম্যাচে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা