গোলের পর এমবাপ্পের চোট, জয়ে জিদানের ফ্রান্স অধ্যায় শুরু
জিনেদিন জিদানের কোচিংয়ে নতুন অধ্যায়ের শুরুটা জয় দিয়েই করল ফ্রান্স। তবে তুরস্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ১-০ গোলের জয়ের রাতেও স্বস্তি পুরোপুরি মিলল না ফরাসিদের।
একমাত্র গোল করা কিলিয়ান এমবাপ্পে চোট নিয়ে মাঠ ছাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন এমবাপে।
তবে গোলের কিছুক্ষণ পরই বাঁ হাঁটুর চোটে অস্বস্তি প্রকাশ করে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদের এই তারকাকে।
সাবেক কোচ দিদিয়ে দেশমের অধীনে সাম্প্রতিক বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণের মাঝখানে খেললেও জিদানের প্রথম ম্যাচে এমবাপ্পেকে দেখা যায় বাম প্রান্তে।
সেখান থেকেই নিজের ৬৭তম আন্তর্জাতিক গোলটি করেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা।
মাইকেল ওলিসের পাস নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্টে নিচু শটে বল জালে পাঠান এমবাপ্পে।
গোল উদযাপনের সময় সতীর্থরা এগিয়ে এলে ব্যথায় মুখ বিকৃত করতে দেখা যায় তাকে। চিকিৎসা নেওয়ার পর কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এমবাপে। কিন্তু পরে আবার মাটিতে বসে বাঁ হাঁটুর বাইরের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন দেসিরে দুয়ে।
এমবাপ্পের চোটের অবস্থা নিয়ে এখন উদ্বিগ্ন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ। আগামী ১০ দিনে আরও তিনটি ম্যাচ রয়েছে ফ্রান্সের, এরপরই ক্লাব ফুটবল শুরু হবে।
জিদান জানিয়েছেন, এমবাপেকে সম্ভবত চিকিৎসার জন্য ক্লাবে ফিরে যেতে হবে, ‘এটা ভালো খবর নয়। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে তাকে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শট নেওয়ার সময় সে হাঁটু বেশি প্রসারিত করে ফেলেছিল। বিষয়টি খুব একটা আশাব্যঞ্জক মনে হচ্ছে না।’
এমবাপ্পের চোট জিদানের প্রথম ম্যাচের আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে। জুলাইয়ের শেষ দিকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে ফ্রান্সের দায়িত্ব নেন জিদান। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর এটাই তার প্রথম বড় পর্যায়ের কোচিংয়ে ফেরা।
তবে ম্যাচ শেষে নিজের অভিষেক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি কিংবদন্তি, ‘এটি আবেগপূর্ণ একটি রাত ছিল, তবে কঠিন পরিস্থিতিতে এটি সফল অভিষেক। আমার মনে হয়েছে আমরা ভালো খেলেছি। মাত্র সাড়ে তিনটি অনুশীলন সেশন একসঙ্গে করার পরও আমি অনেক ইতিবাচক বিষয় দেখেছি।’
বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে যাওয়া ফ্রান্স এবার নেশন্স লিগের ‘এ১’ গ্রুপে খেলছে। আগামী সোমবার ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ঘরের মাঠে স্তাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচ খেলবেন জিদান।
বিশ্বকাপে নিয়মিত খেলা দল থেকে খুব বেশি পরিবর্তন আনেননি জিদান। তবে বোর্নমাউথের আদ্রিয়েন ত্রুফের্তকে লেফট-ব্যাকে এবং ম্যানচেস্টার সিটির রায়ান শেরকিকে শুরুর একাদশে সুযোগ দেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন মাইকেল ওলিসে। তবে তার দুর্দান্ত শট ঝাঁপিয়ে ঠেকান তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকির।
দ্বিতীয়ার্ধের শুরুতে তুরস্কের আবদুলকেরিম বারদাকচির প্রচেষ্টা ঠেকিয়ে ফ্রান্সকে রক্ষা করেন গোলরক্ষক মাইক মেইনিয়াঁ।
এরপরই আসে এমবাপ্পের গোল। পরে জুল কুন্দে পোস্টে বল লাগান। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় তুরস্ক।
ফ্রান্সের বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার গোলের সুযোগ ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে এসে বল থামান তুরস্কের গোলরক্ষক চাকির। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জার্মান রেফারি ফেলিক্স জোয়ায়ের। পরে ভিএআর পর্যালোচনার পর গোলরক্ষকের হাতে বল লাগার সিদ্ধান্ত দেন তিনি এবং লাল কার্ড দেখান।
ভিনচেঞ্জো মন্তেলার কোচিংয়ে থাকা তুরস্কের পরবর্তী ম্যাচ সোমবার ইতালির বিপক্ষে। অন্যদিকে জিদানের ফ্রান্সের সামনে এখন বেলজিয়াম ও ইতালির মতো বড় পরীক্ষাগুলো।
Aminur / Aminur
পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স
আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব
প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা
জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড
নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান
অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প
হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল
ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো
গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত