ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন সৃজিত মুখার্জি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ১:২২

টলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে ঘিরে সিনেপ্রেমীদের কৌতুহল তুঙ্গে। বিশেষ করে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনেতা নির্বাচন এবং নির্মাণের পেছনের গল্প নিয়ে মুখ খুলেছেন এই জনপ্রিয় নির্মাতা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র রূপায়ণে শুরু থেকেই কি টোটা রায়চৌধুরী প্রথম পছন্দ ছিলেন? এমন প্রশ্নের জবাবে সৃজিত জানান, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। প্রাথমিক ভাবনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম থাকলেও শেষ পর্যন্ত সেই নির্বাচনে তিনি শতভাগ সন্তুষ্ট হতে পারছিলেন না।

সৃজিতের কথায়,‘অনেক চিন্তাভাবনা করেছি। শরৎচন্দ্রের চার ভিন্ন বয়সের চারটি ছবি সব সময় সঙ্গে নিয়ে ঘুরেছি। একদিন ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে আর প্রণ কাটলেটে কামড় দিতেই যেন মূল অঙ্কটা মিলে গেল! তখন মনে হলো, এই চরিত্রের জন্য টোটাই একদম সঠিক পছন্দ।’

তিনি বলেন, ‘আমি ইচ্ছা করে চিৎকার করতে চাই না। তবে মাথা ঠান্ডা রাখাটা অনেকটাই টিমের কাজের ওপর নির্ভর করে। কাজে ঘাটতি থাকলে আশপাশের মানুষ ঠিকই বুঝতে পারে আমি শুটিং করছি! তবে এই ছবির ক্ষেত্রে পরিবেশ বেশ অনুকূল ছিল।’

আসন্ন দুর্গাপূজায় একাধিক বড় বাজেটের ছবি মুক্তির মিছিলে থাকলেও নিজের কাজ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সৃজিত। সিনেমা হলের বরাদ্দ নিয়ে আক্ষেপ থাকলেও সাফল্য নিয়ে আশাবাদী এই নির্মাতা বলেন, ‘হয়তো অন্য ছবির তুলনায় আমরা হল সংখ্যা কম পাব, তবে আমি নিশ্চিত ছবিটি দর্শকহৃদয়ে জায়গা করে নেবে এবং ভালো ব্যবসা করবে।’

টালিগঞ্জের বাণিজ্যিক ও সুস্থধারার প্রতিযোগিতার চিত্র তুলে ধরে সৃজিত যোগ করেন, ‘সাফল্যের পেছনে নতুন করে দৌড়ানোর কোনো তাগিদ আমার নেই। ২০১০ সাল থেকে আমার ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাবে প্রতিবছর ব্যবসাসফল ছবির পাশাপাশি সমালোচকদের প্রশংসাধন্য চলচ্চিত্রও আমি উপহার দিয়েছি। সবার কাছে আমার অনুরোধ, সুস্থ প্রতিযোগিতা থাকুক; কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়। গত বছরের ঘটনাগুলো সত্যিই নোংরামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যা কাম্য নয়। ‘

aliul / aliul