লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। লিভার ক্যান্সার ক্লিনিকে ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে লিভার ক্যানসারের আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করা হবে। আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ইং তারিখে প্রধান অতিথি হিসেবে বিএমইউর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী লিভার ক্যানসার ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হেপাটোলজি বিভাগের উদ্যোগে ও বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এছাড়া লিভার ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রসার এবং রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগের কার্যকর প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব। তিনি লিভার ক্যান্সারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাশিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেপাটোলজি বিভাগে লিভার ক্যান্সার ক্লিনিকের কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ, যা রোগীদের সংগঠিত ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে লিভার ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়ন এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক, এনাম মেডিক্যাল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট ২০২৬ থেকে লিভার ক্যান্সার ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এ ক্লিনিকের মাধ্যমে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের মূল্যায়ন, রোগের পর্যায় নির্ধারণ, চিকিৎসাপদ্ধতি নির্বাচন, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদানের সুযোগ আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।
সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে লিভার ক্যান্সারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপির ভূমিকা, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরা তাঁদের বৈজ্ঞানিক অভিজ্ঞতা ও চিকিৎসাক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে লিভার ক্যান্সার রেজিস্ট্রির অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি লিভার ক্যান্সারের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে এ রোগের প্রকৃত চিত্র, ঝুঁকির ধরন ও চিকিৎসার ফলাফল সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে হেপাটোলজি, রেডিওলজি ও ইমেজিং, ক্লিনিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, চিকিৎসক, গবেষক ও চিকিৎসা-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, লিভার ক্যান্সার ক্লিনিকের আনুষ্ঠানিক যাত্রা এবং এ ধরনের বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে দেশে লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও গবেষণার কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে রোগীদের জন্য সহজলভ্য, সমন্বিত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।
সেমিনারে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মোঃ গোলাম আযম, অধ্যাপক ডা. এবিএম শাকিল গনি, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. মোঃ ফজল করিম, অধ্যাপক ডা. মোঃ মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, ডা. মোঃ সাইফুল ইসলাম এলিন প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।
aliul / aliul
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০
সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক
ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড
লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ
আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি
বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক