ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৬ রাত ৩:৫০

ইউরোপের সেরাদের লড়াইয়ে নিজেদের অবস্থানটা আবার মনে করিয়ে দিল পিএসজি। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকেও একই ব্যবধানে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারানোর পর তাই গর্ব লুকাতে পারেননি পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।
ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’

বার্সেলোনার বিপক্ষে জয়টি শুধু তিন পয়েন্ট পাওয়ার উপলক্ষ ছিল না পিএসজির জন্য। ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য প্রমাণেরও সুযোগ ছিল। সেটা খুব ভালোভাবেই দেখাতে পেরেছে লুইস এনরিকের দল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল তারা। এবার জিতল মৌসুমে এর আগে কোনো ম্যাচ না হারা বার্সেলোনাকে হারিয়ে।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’

ম্যাচটি অবশ্য পিএসজির জন্য মোটেও সহজ ছিল না। দুবার ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণও বারবার বদলেছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার সামর্থ্যে সন্তুষ্ট হাকিমি।

তাঁর ভাষায়, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে। এবারের মৌসুমে পিএসজির লক্ষ্য আরও একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। সেই স্বপ্ন পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

হাকিমি বলেন, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’
দলের এই জয়ের মানসিকতা ধরে রাখার পেছনে কোচ লুইস এনরিকের অবদানের কথাও আলাদা করে উল্লেখ করেছেন হাকিমি। প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা জাগিয়ে রাখতে কাজ করেন এই স্প্যানিশ কোচ।
হাকিমির কথায়, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’

 

 

শান্তা / শান্তা

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর