ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?
লন্ডনে জমকালো আয়োজনে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘোষণার ক্ষণ গণনা শুরু হয়েছে। ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলারের খেতাবটি জয়ের লড়াইয়ে এবার মূল আলোচনায় উঠে এসেছে লামিন ইয়ামাল, হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপের মধ্যকার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান ‘আভিসিয়া’-র বিশ্লেষণ অনুযায়ী, এবারের পুরস্কার জয়ের দৌড়ে ২৩ শতাংশ সম্ভাবনা নিয়ে সবচেয়ে এগিয়ে আছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। প্রতিষ্ঠানটির গাণিতিক মডেলে ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন এবং ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ২০২৪ সালের বিজয়ী রদ্রি। রেকর্ড নবমবারের মতো পুরস্কারটি জয়ের ১৮ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সংস্থাটির পূর্বাভাসে ইয়ামাল এগিয়ে থাকলেও বাজিকরদের (বুকমেকার) তালিকায় প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা নিয়ে এগিয়ে আছেন কেইন।
এদিকে ফুটবলবোদ্ধা ও তারকা খেলোয়াড়দের মধ্যেও চলছে পক্ষ-বিপক্ষের নানা বিশ্লেষণ। আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে ও ইতালির সাবেক তারকা মার্কো মাতেরাজ্জি ৩৮ বছর বয়সেও মেসির অসাধারণ পারফরম্যান্সের কারণে তাঁকে এই পুরস্কারের যোগ্য দাবিদার মনে করছেন। অন্যদিকে ইংলিশ তারকা জুড বেলিংহাম তাঁর জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইনের পরিশ্রম ও গোলবন্যার স্বীকৃতি হিসেবে তাঁকে এগিয়ে রাখছেন। তবে বার্সেলোনা সতীর্থ লামিন ইয়ামালের বিরল প্রতিভাকে অনন্য আখ্যা দিয়ে তাঁর পক্ষে মত দিয়েছেন অ্যান্থনি গর্ডন। ফরাসি সতীর্থ ওরেলিয়েঁ চুয়ামেনি স্বভাবতই সমর্থন জানিয়েছেন অবিশ্বাস্য মৌসুম কাটানো এমবাপেকে।
পরিসংখ্যানের বিচারে কিলিয়ান এমবাপে লা লিগায় ২৫ গোল করে পিচিচি ট্রফি এবং চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থেকে মৌসুম শেষ করেছেন। পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ ১২ গোল করে সর্বকালের রেকর্ড গড়ে গোল্ডেন বুটও জিতেছেন তিনি। বিপরীতে হ্যারি কেইন গত মৌসুমে করেছেন অবিশ্বাস্য ৭৩ গোল, যা ২০১১-১২ মৌসুমে মেসির ৮২ গোলের পর কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত গোলসংখ্যা।
তবে এমবাপে ক্লাব বা জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি এবং কেইন বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জিতলেও ইংল্যান্ডকে কেবল বিশ্বকাপে তৃতীয় স্থানে পৌঁছে দিতে পেরেছেন। ব্যক্তিগত অর্জনের তুলনায় বড় শিরোপার এই ঘাটতি তাঁদের লড়াইয়ে কিছুটা পিছিয়ে দিতে পারে।
এখানেই শক্ত অবস্থানে রয়েছেন স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল। ইনজুরির কারণে ব্যক্তিগত পরিসংখ্যান তুলনামূলক কম হলেও তিনি স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা ঘরে তুলেছেন। ব্যালন ডি’অরের সাম্প্রতিক ইতিহাস বলে, বড় আন্তর্জাতিক বা মহাদেশীয় শিরোপা জয় ব্যালন ডি’অর অর্জনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। অতীতের রেকর্ড ভেঙে মাত্র ১৯ বছর বয়সেই যদি ইয়ামাল ট্রফিটি জেতেন, তবে ১৯৯৭ সালে ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়া ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস রচিত হবে ফুটবলে।
এমএসএম / এমএসএম
২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে
ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?
২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র্যাভেনার জার্সিতে
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর
‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ