ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ১১:৫৮

বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। বয়স ৪৮ পেরিয়ে গেলেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। তবে ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা ধরে রাখতে আগেভাগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন তানিশা। উপযুক্ত জীবনসঙ্গীর অপেক্ষায় থাকতে গিয়ে ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা হারাতে চাননি তিনি। যদিও সেই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান কয়েক বছর পর।

তানিশার মতে, বিয়ে শুধু সামাজিক নিয়ম পালনের বিষয় নয়, বরং দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই বয়স বাড়ছে কিংবা সমাজের চাপ রয়েছে, এমন কারণে বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্তে যেতে চান না তিনি। জীবনে উপযুক্ত মানুষকে পাশে পাওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

সন্তান প্রতিপালন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর মতে, একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে মা ও বাবা দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এমন একজন জীবনসঙ্গী চান, যিনি সন্তানের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতে প্রস্তুত থাকবেন। উপযুক্ত কাউকে না পেলে শুধু বয়সের কারণে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে চান না তিনি।

তবে ভবিষ্যতে মাতৃত্ব নিয়ে তাঁর ভাবনা বদলাতেও পারে বলে জানিয়েছেন তানিশা। অর্থাৎ, এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

তানিশার ব্যক্তিগত জীবন নিয়েও অতীতে আলোচনা হয়েছে। অভিনেতা উদয় চোপড়া ও অরমান কোহলীর সঙ্গে তাঁর সম্পর্ক একসময় সংবাদমাধ্যমের শিরোনামে আসে। ২০১৩ সালে ‘বিগ বস ৭’এ অরমানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নজর কাড়ে। পরে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

বিয়ে না করেও নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন তানিশার এই সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এনেছে মাতৃত্ব, ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক প্রত্যাশার বিষয়টি।

aliul / aliul