ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

তীব্র তোপের মুখে এমবাপে, আর্থিক ক্ষতির শঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৩:২৭

নবম বারের চেষ্টায়ও লন্ডন থেকে ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপে। যদিও মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকার গত মৌসুমটা দারুণই কেটেছিল। এরই মাঝে ব্যবসায়িকভাবে প্রচণ্ড তোপের মুখে পড়েছেন এমবাপে। চীনের প্রয়াত নেতা মাও সে তুংকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এমন পরিস্থিতি!

বিপত্তিটা বেধেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফরাসি টকশো ‘দ্য ব্রিজ’-এ এমবাপের মন্তব্য থেকে। যেখানে তিনি বলেছিলেন, ‘যে মিমটি দেখে আমার সবচেয়ে বেশি হাসি পায়...সেটি এমন একটি ভিডিও, যেখানে একজন লোককে দেখা যায়। আমার মনে হয় তিনি চীনের একজন স্বৈরশাসক।’ তার কথা বলার সময় পর্দায় এমন একটি মিম দেখা যায়, যেখানে মাও সে তুংয়ের মতো দেখতে এক ব্যক্তির ছবির ওপর এমবাপের মুখ বসানো ছিল।

এরপর এমবাপেকে বলতে শোনা যায়, ‘আমি বন্ধুদের সঙ্গে সব সময় এটি ব্যবহার করি।’ অনলাইনে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত ভিডিও ক্লিপে এমন বক্তব্য দেখা গেছে। যদিও এমবাপে মাও সে তুংয়ের নাম সরাসরি উল্লেখ করেননি। মূল ভিডিওটি এখন আর ‘দ্য ব্রিজ’-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে না। তবে এর রেকর্ডেড অংশ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

এমনকি বিষয়টি নিয়ে মুখ খুলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘আমরা এই সংক্রান্ত প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত হয়েছি। চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে– এমন কথা বা আচরণের বিরুদ্ধে চীনা সমাজের সব মহল থেকেই স্বাভাবিকভাবে প্রতিবাদ জানানো হবে।’ 

এমবাপে কিংবা ‘দ্য ব্রিজ’ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে চীনের একাধিক ক্ষুব্ধ ব্র্যান্ড রিয়াল মাদ্রিদের এই তারকার সঙ্গে চুক্তি বাতিল করেছে। তার সঙ্গে চুক্তিতে থাকা চীনের বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ জানিয়েছে, ‘চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে এমন কথা বা আচরণের আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং এ বিষয়ে আমাদের শূন্য-সহনশীলতার নীতি রয়েছে।’

পানীয় উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান দংপেংও একই সুরে জানিয়েছে, ‘জাতীয় অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো আচরণের আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং এ বিষয়ে আমাদের শূন্য-সহনশীলতার নীতি রয়েছে।’

যদিও ব্র্যান্ডগুলো বিতর্কিত ভিডিওটির কথা স্পষ্টভাবে উল্লেখ না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এমবাপে ঠিক কী বলেছিলেন বা কী করেছিলেন, যা এতটা আপত্তিকর বলে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা ছিলেন মাও সে তুং। ষাট ও সত্তরের দশকে নানা অস্থিরতার মধ্য দিয়ে তিনি দেশ শাসন করেন। তবে তার ‘গ্রেট লিপ ফরোয়ার্ড’ কর্মসূচির ফলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে কয়েক কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এরপর আসে ‘সাংস্কৃতিক বিপ্লব’। তার শাসনকালে কমিউনিজমের জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালানো হয়। এরপর ১৯৭৬ সালে মাওয়ের মৃত্যুর মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয় চীনে। 

aliul / aliul

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড

তীব্র তোপের মুখে এমবাপে, আর্থিক ক্ষতির শঙ্কা

ব্যালনের মঞ্চে স্পেনের আধিপত্য, তবুও ‘দুর্ভাগা’ স্পেন!

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে কী পেলেন

মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র

সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি

চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির

বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে