ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

এ কেমন ছেলেখেলা!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৪:৫৬

এক, দুই উইকেটের পতন হলেই তাসের ঘরের মতো ভেঙে পড়া যেন বাংলাদেশ দলের বছরের পর বছর ধরে জিইয়ে থাকা চিরায়ত এক রোগ। দলের বিপর্যয়ে হাল ধরার মতো কেউ থাকেন না। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও একবার ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিক দল। প্রথম ইনিংস শেষে লিড নিয়েও টেস্ট হারের জোরালো শঙ্কা দেখা দিয়েছে। 

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। এশিয়ান গেমসে ব্যর্থতার পর ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মতো প্রতিপক্ষের কাছেও পাত্তা পায়নি বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক বিপর্যয়ের অন্যতম কারণ দলের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। বারবার একই ভুলের পুনরাবৃত্তি। ব্যর্থতার দায়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকেও সরিয়ে দেওয়া হয় কদিন আগে। তার জায়গায় আবারও টিমে ফিরেছেন আরেক স্বদেশি মোহাম্মদ সালাহউদ্দিন। এত কিছু করেও ব্যাটিংয়ের রোগ সারানো যাচ্ছে না কিছুতেই। 

ব্যাটিংয়ের সেই রোগ এবার টেস্টেও ছড়িয়ে পড়েছে। চলতি মৌসুমে টেস্ট ক্রিকেটে কিছুটা স্বস্তিতে ছিল বাংলাদেশ। যে কারণে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের রেসে এখনো পর্যন্ত বেশ ভালোভাবেই টিকে আছে নাজমুল হোসেন শান্তর দল। 

টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। নিজেদের দুর্গে স্পিন বান্ধব উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনাই হয়তো ছিল বিসিবির। কিন্তু নিজেদের পাতা ফাঁদেই আটকে যাচ্ছে বাংলাদেশ। আবারও কাঠগড়ায় সেই ব্যাটিং ব্যর্থতা। কোনো ব্যাখ্যা নেই তাওহিদ হৃদয়দের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের। স্রেফ আত্মহুতি ছাড়া কোনো সংজ্ঞায় ফেলা যায় না। 

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর কোনোমতে ২৭২ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও বেশিদূর এগোয়নি। সফরকারীরা গুটিয়ে গেছে ২৪৫ রানে। এর বড় কৃতিত্ব প্রাপ্য স্পিনার নাঈম হাসানের। স্পিন বান্ধব মিরপুরের উইকেটে কোনো এক অজানা কারণেই মাত্র ১০ বল করার সুযোগ পেয়েছিলেন নাঈম। তাতেই দলের সফলতম বোলার তিনি। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। তার স্পিনেই ১১ রানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের শুরুটা হয় রীতিমতো দুঃস্বপ্নের। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের বলে ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার নিজের শূন্য এবং দলীয় ১ রানেই ফিরে গেছেন। 

এরপর শান্ত-সাদমান জুটিতে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চললেও ইনিংসের ১১তম ওভারেই নতুন করে হোঁচট খায় স্বাগতিকরা। তিন বলের ব্যবধানে আউট হন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও হৃদয়। ৩০ বলে ১৩ রান করে চেজের বলে বোল্ড হন সাদমান। আর দায়িত্বহীন ব্যাটিংয়ে সাজঘরে ফিরেছেন তাওহিদ হৃদয়। বড় শট খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় জোসেফকে ক্যাচ তুলে দেন মিড-অনে। 

সাদমান-হৃদয়কে একই ওভারে তুলে নেওয়ার পর এক ওভার বিরতি দিয়ে ফিরেই নাজমুল হোসেন শান্তকে ফেরান চেজ। তার গুড লেন্থে ফেলা বলটি টার্ন ছাড়াই যায় লেগ স্টাম্পের দিকে। সেটি ডিফেন্ড করতে চাইলেও বলের লাইনেই যায়নি শান্ত’র ব্যাট। ক্যারিবীয়দের জোরালো আবেদনের পর আম্পায়ার স্যাম নোগাজস্কি আঙুল তুলেছেন। শান্ত রিভিউ নিলেও কাজে আসেনি, ফিরে গেছেন ৩৭ বলে ১০ রান করে।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের এই টেস্টের সফল বোলার ওয়ারিক্যানের বল তো মিরাজ বুঝে উঠার আগেই স্টাম্প ভেঙে দিয়েছে। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে ছিটকে গেছেন মুমিনুল। তার কনকাশন সাব হিসেবে নেমেছেন জাকের আলী। এ ছাড়া এখনো টিকে আছেন নাঈম হাসান। এই দুই ব্যাটারের ওপরই এখন ম্যাচের বাকি ভাগ্য। স্বস্তির বিষয় শত রান পেরিয়েছে বাংলাদেশের লিড। একসময় এই একশো হওয়া নিয়েও শঙ্কা ছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রয়েছে। 

aliul / aliul

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা