ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ২:৩

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মো. আফজাল খাঁ (২৮) নামের এক প্রাইভেট কারচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বপরিচিত দুই ব্যক্তি আবির ও বাবনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয়রা। হামলায় গুরুতর আহত আফজাল ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৮ অক্টোবর মারা যান।

জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারের ইদ্রিস খাঁ রোডের একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আফজালের পূর্বপরিচিত আবির ও বাবন তাকে একটি ভালো মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলেন। এ প্রলোভনে তারা আফজালকে উত্তরার দক্ষিণখান এলাকার বাসা থেকে রায়েরবাজারে নিয়ে আসেন। মোটরসাইকেল কেনার জন্য আফজাল সঙ্গে করে দুই লাখ টাকা নিয়ে আসেন।

পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী আবির ও বাবনের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন ওই বাসায় আফজালের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা দুই লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। অভিযোগ রয়েছে, আফজাল হামলাকারীদের কাছে প্রাণভিক্ষা চেয়েও রক্ষা পাননি।

আফজাল মারা গেছেন ভেবে হামলাকারীরা বাসার কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়। পরে বাড়ির লোকজন কক্ষের ভেতরে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর তাকে রাজধানীর কাটাবন এলাকার হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বুধবার (২৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আফজাল খাঁ পেশায় একজন প্রাইভেট কারচালক ছিলেন। স্ত্রী ও দুই বছর বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে উত্তরার দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। তার বাবার নাম জায়েদ খাঁ। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার সালাকান্দা গ্রামে। পোস্ট অফিস ফতেহপুর।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আফজাল একজন পরিশ্রমী ও ভালো মানুষ ছিলেন। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। এমন একজন মানুষকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, আবির, বাবনসহ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে লুট হওয়া দুই লাখ টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান