ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:৩৫

সাগরের উত্তাল ঢেউ, পালতোলা জাহাজ আর জলদস্যুদের রোমাঞ্চকর অভিযানের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত সংগীত। সেই সংগীতের তালে তালে পর্দায় হাজির হতেন এক বিচিত্র স্বভাবের জলদস্যু, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তার হাঁটাচলা, সংলাপ আর দুঃসাহসিক কাণ্ডকারখানায় মুগ্ধ হয়েছে বিশ্বের কোটি কোটি দর্শক। সেই পরিচিত চরিত্রে আবারও ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ। 

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে তার অভিনয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেননি অভিনেতা। বরং জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির সমাপ্তি আরও সুন্দর ও স্মরণীয় করে তোলার সুযোগ থাকলে তবেই তিনি এতে যুক্ত হওয়ার কথা ভাববেন।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ডেপ। তিনি জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের গল্পকে কীভাবে আরও ভালোভাবে শেষ করা যায়, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিনেতার কথায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’

এদিকে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে আবারও কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ডেপ। তাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে অভিনেতা জানান, ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। কাজের ধরন কী, সেটি তার কাছে মুখ্য নয়। বরং বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাই এখানে বড় বিষয়।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তার আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা। তখন তিনি আরও জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। নির্মাতারা উপযুক্ত গল্প খুঁজছেন।

২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দিয়ে জ্যাক স্প্যারো হিসেবে যাত্রা শুরু করেন জনি ডেপ। ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে সিনেমাগুলোর মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এককভাবে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে।

aliul / aliul

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’