ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
ম্যাচ চলার সময় প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েলের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। স্প্যানিশ দ্বিতীয় বিভাগীয় ফুটবলে এফসি অ্যান্ডোরার বিপক্ষে আহত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান টেনেরিফের এই ফুটবলার।
৩০ বছর বয়সীর এই মৃত্যুতে শোক-সমবেদনা জানিয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মতো তারকারা। বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া কিছুতেই এমন মৃত্যু মানতে পারছেন না। দে মিগেলের জায়গায় নিজেকে দেখছেন তিনি, ‘এটা তো আমার সঙ্গেও হতে পারতো।’
কিন্তু ম্যাচ চলাকালে মাঠেই ফুটবলারের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা এটাই প্রথম নয়। এএফপি স্পোর্টস এমন পাঁচটি ঘটনা তুলে ধরেছে:
মার্ক-ভিভিয়েন ফো, জুন ২০০৩
ফ্রান্সের লিওঁতে কলম্বিয়ার বিপক্ষে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন ক্যামেরুনের মিডফিল্ডার ফো।
সাবেক ম্যানসিটি, ওয়েস্ট হ্যাম ও লিওঁর খেলোয়াড়কে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তার মুখে মুখ লাগিয়ে শ্বাসপ্রশ্বাস ও অক্সিজেন সরবরাহ করে বাঁচানোর চেষ্টা করেন মেডিক্যাল স্টাফরা।
তার হৃদযন্ত্র পুনরায় চালু করতে ৪৫ মিনিট ধরে চেষ্টা করে গেছেন চিকিৎসা কর্মীরা। কিন্তু ব্যর্থ হন। মাত্র ২৮ বছর বয়সে তাকে মৃত ঘোষণা করা হয়।
তার মৃত্যুর পর ফুটবলারদের হৃদযন্ত্রের পরীক্ষা এবং ম্যাচ চলাকালে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে উন্নত পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে সিপিআর ও ডিফিব্রিলেটর ব্যবহারে ক্লাব মেডিক্যাল দলকে প্রশিক্ষণ দেওয়াও অন্তর্ভুক্ত ছিল।
আন্তোনিও পুয়ের্তা, আগস্ট ২০০৭
গেতাফের বিপক্ষে লা লিগা ম্যাচে খেলার সময় অচেতন হয়ে মাটিতে পড়ে যান সেভিয়ার ২২ বছর বয়সী আন্তোনিও পুয়ের্তা। দীর্ঘ সময় ধরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ থাকার কারণে একাধিক অঙ্গ বিকল হওয়ায় তিন দিন পর মারা যান তিনি।
সেভিয়াকে উয়েফা কাপ জেতানোর তিন মাস পর মৃত্যুবরণ করেন এই স্পেন আন্তর্জাতিক ফুটবলার। স্পেন লিজেন্ড সার্জিও রামোস পুয়ের্তাকে শ্রদ্ধা জানিয়ে ট্যাটু আঁকেন এবং ২০১০ বিশ্বকাপে স্পেনের জয়ের পর তাকে উৎসর্গ করে একটি টিশার্ট পরেন।
ফিল ও’ডোনেল, ডিসেম্বর ২০০৭
দ্য মাদারওয়েল অধিনায়ক ডান্ডি ইউনাইটেডের বিপক্ষে স্কটিশ প্রিমিয়ার লিগে ৫-৩ গোলে জেতা ম্যাচের শেষ দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
৩৫ বছর বয়সী মিডফিল্ডার মাঠ থেকে ঠিক উঠে যাওয়ার মুহূর্তে অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান। পাঁচ মিনিট ধরে মাঠেই তার চিকিৎসা চলে, তারপর তোলা হয় অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে।
ও’ডোনেল খেলেছিলেন স্কটল্যান্ড, সেলটিক ও শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে। তার মৃত্যুতে স্কটিশ ফুটবলে নেমে এসেছিল শোকের ছায়া। বেশ কিছু খেলা স্থগিত করা হয়েছিল।
ক্রিস্টিয়ানো জুনিয়র, আগস্ট ২০০৪
২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ওই সময় ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার ছিলেন। বেঙ্গালুরুতে ২০০৪ সালের ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগানের বিপক্ষে খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে ডেম্বোর হয়ে গোল করতে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষ হয়।
দেশে মায়ের জন্য একটি বাড়ি বানাতে যথেষ্ট টাকা উপার্জনের স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া এই ফুটবলার মাঠেই লুটিয়ে পড়েন। তার নাইজেরিয়ান সতীর্থ সান্তি মার্টিন্স সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করেন।
অ্যাম্বুলেন্সে করে ক্রিস্টিয়ানোকে হাসপাতালে নেওয়ার সময় সার্বক্ষণিক সঙ্গে ছিলেন এই নাইজেরিয়ান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল তার।
জুন ইজকুয়ের্দো, আগস্ট ২০২৪
২৭ বছর বয়সী উরুগুয়ান সেন্ট্রাল ডিফেন্ডার ব্রাজিলিয়ান ক্লাব সাও পাউলো এফসির বিপক্ষে ন্যাসিওনালের কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন।
তাকে হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন পর তিনি মারা যান। তার দ্বিতীয় সন্তান জন্মের ১০ দিন পরই মারা যান তিনি। তার ক্লাব এই মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে বর্ণনা করে।
aliul / aliul
বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন
হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা
ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে
চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?
দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়
রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা
রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়