ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৩:২৮

অভিনেতা হিসেবে দর্শকের প্রশংসা ও স্বীকৃতি পেয়েছেন আগেই। এবার ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি পর্দার পেছনেও নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। কবির খান পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। অভিনয়জীবনের পরিচিত গণ্ডি পেরিয়ে এটি হতে যাচ্ছে কার্তিকের ক্যারিয়ারের নতুন অধ্যায়।

বুধবার ‘লড়াকু’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছে বিড়লা স্টুডিও। আগামী ১৮ জুন ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিড়লা স্টুডিও ও কবির খান এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। পাশাপাশি ডোপামিন স্টুডিওজের সঙ্গে যুক্ত হয়ে প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করবেন কার্তিক।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘লড়াকু’ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও আশার গল্প। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিকে পারিবারিক বিনোদনমূলক ছবি হিসেবে তুলে ধরছেন সংশ্লিষ্টরা। তবে এতে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। ফলে ছবির অভিনয়শিল্পীদের তালিকা জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে।

এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেন কার্তিক আরিয়ান ও পরিচালক কবির খান। ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক। বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। সেই কাজের অভিজ্ঞতার পর এবার একই পরিচালকের ছবিতে নতুন ভূমিকায় যুক্ত হচ্ছেন তিনি।

অন্যদিকে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতেও নজর কেড়েছিলেন কার্তিক। তার অভিনয় নিয়ে দর্শকের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। বিশেষ করে চরিত্রটিতে তার অভিনয়ের সঙ্গে অক্ষয় কুমারের অভিনয়ের তুলনাও টেনেছিলেন অনেকে। তবে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘তু মেরি মে তেরা’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি।

aliul / aliul