ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নবাগত চিত্রনায়ক শেখ রিফাতের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২৬ বিকাল ৭:৩২

ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে একের পর এক নতুন কাজে যুক্ত হচ্ছেন নবাগত চিত্রনায়ক শেখ রিফাত। অভিনয়ের প্রতি ভালোবাসা, নিজের স্বপ্ন এবং দর্শকদের ভালো গল্পের সিনেমা উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এরই মধ্যে তাঁর অভিনীত আরও একটি চলচ্চিত্র ‘প্রেম প্রার্থনা’র নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রযোজক ও নির্মাতার ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রটি ইতোমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পায় শেখ রিফাত অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসি হয়নি বলা’। প্রযোজক ও নির্মাতার দাবি, মুক্তির পর চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতা পেরিয়ে এবার নতুন কাজের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরতে চান এই নবাগত চিত্রনায়ক।

‘প্রেম প্রার্থনা’ একটি ত্রিভুজ প্রেমের গল্পনির্ভর চলচ্চিত্র। এতে শেখ রিফাতের বিপরীতে অভিনয় করেছেন অদিতি ও সামীর। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল কাশেম মন্ডল। প্রেম, আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলে, তা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
এদিকে ‘প্রেম প্রার্থনা’র পাশাপাশি ‘খোকন’ ও ‘নীল দৃষ্টি’ নামের আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন শেখ রিফাত। একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন নতুন চরিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন এবং নিজের সামর্থ্য প্রমাণ করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।
মুন্সিগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা শেখ রিফাতের। সেখান থেকেই স্বপ্ন নিয়ে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন তিনি। চলচ্চিত্রের এই প্রতিযোগিতামূলক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পাশাপাশি দর্শকদের ভালোবাসা অর্জন করতে চান এই অভিনেতা। তাঁর কাছে অভিনয় কেবল পর্দায় উপস্থিত হওয়ার বিষয় নয়, বরং ভালো কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়ার একটি প্রচেষ্টা।
নতুনদের জন্য চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করা সহজ নয়। প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় ও নিয়মিত ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নেওয়া। শেখ রিফাতও সেই পথেই এগিয়ে যেতে চান। তাঁর নতুন চলচ্চিত্রগুলো দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেই অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

aliul / aliul