ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’সহ জনপ্রিয় সাত ব্যান্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৩:২৭

শনিবার (৭ নভেম্বর) দেশজুড়ে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। যেখানে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড গান করবে।

‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এ আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’, ‘মাইলস’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’ ও ‘ফিডব্যাক’।

জানা গেছে, কনসার্ট ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। আর কনসার্ট শুরু হবে ৪টায়। সাত ব্যান্ডের কনসার্টটি প্রায় সাত ঘণ্টা ধরে চলবে। তাই অসামান্য এক অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক-শ্রোতারা। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত। ফলে বিনামূল্যেই প্রিয় ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।

গত দুই বছরে দেশে ওপেন এয়ার কনসার্ট হু-হু করে কমেছে। নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে অনেক কনসার্ট। এই অবস্থায় ‘কনসার্ট ফর সলিডারিটি’ শ্রোতাদের জন্য বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। এক মঞ্চে জনপ্রিয় সাত ব্যান্ডকে পাওয়া নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার।

কনসার্টের খবরটি জানিয়ে ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

aliul / aliul