নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন
রোগীদের উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগে ই-টিকিট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে নিটোরের কনফারেন্স রুম-২-এ আয়োজিত অনুষ্ঠানে এসব আধুনিক সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নিটোরের চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৫০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীদের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে। নিটোর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হলে দুর্ঘটনায় আহত, হাড় ও জোড়ার জটিল রোগে আক্রান্ত এবং অস্ত্রোপচার প্রয়োজন এমন অসংখ্য রোগী উন্নত চিকিৎসাসেবা পাবেন।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে হবে। ই-টিকিট, কিউআর কোড এবং অটোমেশন পদ্ধতি চালুর ফলে রোগীদের সেবা গ্রহণ আরও সহজ হবে এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যে ড. এম এ মুহিত এমপি, সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল নিটোরের আধুনিকায়ন উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, নতুন আইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড চালুর ফলে জটিল অস্ত্রোপচারের পর রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত পরিচর্যা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি ডিজিটাল সেবা চালুর মাধ্যমে রোগীদের দীর্ঘ অপেক্ষা, টিকিট সংগ্রহের ভোগান্তি এবং প্রশাসনিক জটিলতা কমবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিটোরের চিকিৎসাসেবাকে আরও আধুনিক, গতিশীল ও রোগীবান্ধব করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ডিজিটাল সেবা চালুর মাধ্যমে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়, ড্যাব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিটোর শাখা ড্যাবের সভাপতি ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ শমসুল আলম, অধ্যাপক ডা. মোহাম্মদ সিরাজুস সালেহীন, সহকারী অধ্যাপক ডা. মোঃ সাকলায়েন হোসেন, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলমগীর হোসেন জনিসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটোরের পিংক ইউনিট-২-এর অধ্যাপক ডা. সাঈদ মাহমুদ তমাল। এ সময় নিটোরের রেড ইউনিট-১-এর সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহমুদ সুহাসসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন আইসিইউ চালুর ফলে সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুযোগ বাড়বে। নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা সহজ হবে। অন্যদিকে, বহির্বিভাগে ই-টিকিট ও কিউআর কোড চালুর ফলে টিকিট সংগ্রহ ও রোগী ব্যবস্থাপনায় ডিজিটাল সুবিধা যুক্ত হবে। সম্প্রসারিত অটোমেশন পদ্ধতি হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, ‘নিটোর আস্থার ৫৪ বছর, আগামীর অঙ্গীকার’—এই প্রত্যয়কে সামনে রেখে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। নতুন এসব সেবা চালুর মধ্য দিয়ে নিটোরের চিকিৎসাব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা সূচিত হলো।
aliul / এমএসএম
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সেমিনার
ফকির মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ড্যাবের স্বাস্থ্যসেবা ও দোয়া মাহফিল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
নিটোরে আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি