ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাদের সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত অভিনয়শিল্পী। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি।
ফেলে আসা সময়, স্মৃতি এবং নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।
প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছে ‘প্রিয় মালতী’। অন্যদিকে, ওটিটির জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ দর্শকের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমাটি ড্রামা ঘরানার হলেও পরিবারের সব বয়সী দর্শক একসঙ্গে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা।
সিনেমার গল্প প্রসঙ্গে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণীর। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘চরকি বিশ্বাস করে নানান অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকরা সেটা বুঝতে পারবেন। ‘আবার দেখা হলে’ সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন বলে বিশ্বাস করি।’
সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ।
aliul / aliul
ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
সিঙ্গেল থাকা মানেই নিঃসঙ্গতা নয়, এটি আত্ম-আবিষ্কারের স্বর্ণযুগ : ইজমো আহম্মেদ
ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ‘বিটমোসফিয়ার
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
‘দার-ই-নিজাত’ নিয়ে মুগ্ধ ইসরাত অতিথি
কারিনার পোশাক নিয়ে বিতর্ক
আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল
ঐতিহাসিক চরিত্রে ঋতুপর্ণা
উত্তম কুমারের জন্মশতবর্ষ
গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন
নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা