ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দুই বছরে ছয় সেঞ্চুরি, লিটনের বদলটা ‘মাথায়’


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১:১৫

চট্টগ্রাম পৌঁছে গত রোববার প্রথম দিনের অনুশীলনে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে হেড পজিশন নিয়ে বিশেষ কাজ করেছিলেন লিটন দাস। বলের ওপরে গিয়ে না খেলার কারণে শটের ওপর যে বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন লিটন, সেটিই ঠিক করে দিচ্ছিলেন ডোমিঙ্গো।

যার ফলও পাওয়া গেছে হাতেনাতে। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফজল হক ফারুকির নতুন বল কিংবা মাঝের ওভারগুলো রশিদ খান, মুজিব উর রহমানদের স্পিন ভেলকি- সবকিছুই দারুণভাবে সামলেছেন লিটন।

ফারুকির বিপক্ষে নতুন বলে খেলেছেন সফট হ্যান্ডে আর রশিদ-মুজিবদের মোকাবিলা করেছেন মাথা নিচু রেখে, যতটা সম্ভব বলের কাছে গিয়ে চালিয়েছেন ব্যাট। মুজিবের একটি বল খেলেছিলেন দূর থেকে, যা ক্যাচ উঠে যায় শর্ট কভারে। ভাগ্য সুপ্রসন্ন থাকায় ৮৭ রানের মাথায় পেয়ে যান জীবন।

লিটনের ১৩৬ রানের সুশোভিত ইনিংসে ‘গোলাপের কাঁটা’ কিংবা ‘চাঁদের কলঙ্ক’ হেড পজিশন ঠিক না রেখে দূর থেকে খেলা সেই শটটি। এর বাইরে ইনিংসের শুরু থেকে ৪৭তম ওভার পর্যন্ত নিজের ব্যাটিং দারুণভাবে সাজিয়েছেন লিটন। ঠিক যেভাবে পরিকল্পনা করে এসেছিলেন, যেন ঠিক তা-ই করছিলেন মাঠে।

হেড কোচ ডোমিঙ্গোর সঙ্গে হেড পজিশন নিয়ে কাজ করার সুফল যেমন পেয়েছেন শুক্রবারের ম্যাচে, তেমনি মাথায় নিজের খেলা সম্পর্কে পরিষ্কার ধারণা ও পরিকল্পনা করতে পারার সুফলটাও গত দুই বছর ধরে পাচ্ছেন এ ডানহাতি স্টাইলিশ ব্যাটার।

২০১৫ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের পর থেকে ২০১৯ পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছেন লিটন। যেখানে মাত্র চারবার ছুঁয়েছেন পঞ্চাশের ঘর, সেঞ্চুরিতে পৌঁছতে পেরেছেন মাত্র একবার। সেই লিটনই গত ২৩ মাসে খেলা ১৬ ম্যাচের মধ্যে হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি। এ সময়ে রানের গড় প্রায় ৪৭!

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ১২৬ বলে ১৩৬ রানের ইনিংসটি ছিল লিটনের ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ৪৯তম ইনিংসেই পাঁচটি ওয়ানডে সেঞ্চুরির মালিক হলেন তিনি। এত দ্রুত সময়ে বাংলাদেশের আর কেউই পাঁচ সেঞ্চুরি করতে পারেননি।

jagonews24

শুধু ওয়ানডের কথাই বা বলা কেন, ২০২০ সাল থেকে টেস্ট ক্রিকেটেও চওড়া লিটনের ব্যাট। অভিষেক থেকে ২০১৯ পর্যন্ত ৩১ ইনিংসে মাত্র চারটি ফিফটি ছিল তার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২০ থেকে এখন পর্যন্ত ১৮ ইনিংসে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরি ও সাতটি ফিফটি, রান করেছেন ৫০ গড়ে।

গত দুই বছর বা ২৬ মাস সময়ে ছয় সেঞ্চুরি তথা বদলে যাওয়া পারফরম্যান্সের পেছনে বড় কারণ লিটনের পরিষ্কার মাথা। এখন খেলা নিয়ে যতটুকু পরিকল্পনা করা উচিত, সেটুকুই করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখেন এ ডানহাতি ব্যাটার।

তাই তো সংবাদ সম্মেলনে বললেন, ‘(ভালো সময় ধরে রাখতে) অনুশীলনে যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলোই অনুসরণ করি। ভালো করলেও একই প্রক্রিয়া, খারাপ করলেও একই প্রক্রিয়া। তবে একটা জিনিস যেটা ভালো, খেলা নিয়ে বেশি চিন্তা করি না।’

খেলা নিয়ে বেশি চিন্তা না করলেও, নিজের সামর্থ্য সম্পর্কে যে পূর্ণ আস্থা রয়েছে লিটনের সেটিও বোঝালেন শুক্রবারের ম্যাচ শেষে করা এই সংবাদ সম্মেলনে। আগের মতো শুরু থেকেই ছটফট না করে নিজের উইকেটের মূল্য কত তা ভাবতে শিখেছেন লিটন। ওপেনার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কেও এখন সচেতন তিনি।

তার ভাষ্য, ‘ওপেনার হিসেবে আমার দায়িত্ব হলো বড় ইনিংস খেলা। তাই প্রথম লক্ষ্য থাকে ৩৫ ওভার খেলা। আমার যে সামর্থ্য আছে, ৩৫ ওভার খেলতে পারলে বিশ্বের যেকোনো দলের বিপক্ষে অন্তত ৮০ রান করতে পারবো।’

লিটন আরও যোগ করেন, ‘এখানে বিষয়টা হচ্ছে আপনি কীভাবে পরিকল্পনা করছেন। খেলাটাকে নিয়ে কীভাবে নিয়ে চিন্তা করছেন। আমি হয়তো শুরুর দিকে ডাউন দ্য উইকেটে গিয়ে মেরে দিতে পারতাম। কিন্তু তাতে অনেক ঝুঁকি থাকতো উইকেট হারানোর। আমার উইকেট যাওয়া মানে তো দল চাপে পড়ে যাবে। আমার মনে হয় যে এই জিনিসটা নিজ থেকে বদলে ফেলা প্রত্যেক ব্যাটারের জন্য গুরুত্বপূর্ণ। আমি এ জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করছি যে আমার উইকেটের একটা মূল্য আছে। তো নিজের মূল্যটা দিচ্ছি। আশা করি সামনেও দিতে পারবো।’

গত দুই বছর বা তার কিছু বেশি সময় ধরে দারুণ ফর্মে থাকলেও, ভালো ইনিংসের ফাঁকে ফাঁকে খারাপ খেলার কথাও ভোলেননি লিটন। তাই সাফল্য পাওয়ার ক্ষেত্রে মাইন্ডসেট যে গুরুত্বপূর্ণ সেটি খুব ভালোভাবেই বোঝেন ২৭ বছর বয়সী এ ব্যাটার।

এছাড়া খেলতে খেলতে অভিজ্ঞতা বাড়ছে, এর ছাপও পড়ছে পারফরম্যান্সে, ‘আমরা সিনিয়র হচ্ছি না? (হাসি) আমরাও তো ম্যাচ খেলে খেলে উন্নতি করছি। আমি ৫ বছর খেলে ফেলেছি, আফিফরা ২-৩ বছর খেলেছে... সবার একটা অভিজ্ঞতা হচ্ছে ক্রিকেটের। এখন ম্যাচে কীভাবে কাকে ব্যাটিং করবো সেই পরিকল্পনা সাজানোই মূল।

পাশাপাশি তিনি আরও জানান, ‘খেলার মাইন্ডসেটটাও যে কীভাবে খেললে খেলার সাফল্যের হারটা বেশি হয়। আপনারা সেঞ্চুরি দেখছেন এর মাঝে কিন্তু অনেকগুলো ইনিংস খারাপও খেলেছি। খেলাটাই এমন আমার মতে। ওপেনার হিসেবে সুযোগ প্রতিদিনই থাকবে। আপনি একদিন বড় খেলতে পারবেন, একদিন পারবেন না।’

এমএসএম / এমএসএম

ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব

বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র