টঙ্গীতে বস্তির জায়গা দখলের পাঁয়তারা, উত্তেজিত বস্তিবাসী
গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় ক্ষতিপূরণ না দিয়ে বস্তির জায়গা দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ মার্চ) নামাবাজার বস্তির জায়গা মেপে সীমানা নির্ধারণ করতে যান স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আহম্মেদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী বস্তিতে মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় বস্তিবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বস্তিবাসী দখলদার কর্তৃক যে কোনো সময় জোরপূর্বক উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন।
বস্তিবাসী আবুল হোসেন, জীবন মিয়া, জসিম উদ্দিন, রহিমা বেগম, হারুন, সাদ্দাম হোসেন, আমেনা বেগমসহ অনেকে জানান, নামাবাজার বস্তির দুই হাজার বসতি প্রায় ৩০-৪০ বছর যাবৎ পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা কর্তৃপক্ষ বস্তিতে তাদের কারখানার নামে রাজউক থেকে বরাদ্দকৃত সোয়া দুই বিঘা জায়গা রয়েছে বলে দাবি করে আসছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদের অফিসে একাধিকবার বৈঠক করে তারা। সোমবার সকালে স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান বিক্রয় কর্মকর্তা আজাহার উদ্দিন সার্ভেয়ার নিয়ে বস্তিতে প্রবেশ করেন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন- ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন খান, বাচ্চু, যুবলীগ নেতা সোলেমান, জাকির হোসেন, শাহজাহান সিরাজ সাজু, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, মাসুদ রানা, আকরাম হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তাদের উপস্থিতিতে স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজের লোকজন বস্তিতে সীমানা নির্ধারণ শুরু করেন। এ সময় বস্তিবাসীরা ক্ষতিপূরণ না দিয়ে সীমানা নির্ধারণে বাধা দিলে তাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। একপর্যায়ে বস্তিবাসীর প্রতিরোধের মুখে তারা পিছু হটেন।
বস্তিবাসীরা স্থানীয় কলাবাগান বস্তি, নামাবাজার বস্তি, কাঁঠালদিয়া বস্তি, নিশাত বস্তি, চুড়ি ফ্যাক্টরি বস্তি, বালুর মাঠ বস্তি, লাল মসজিদ বস্তিসহ যেখানেই বস্তি দখল সেখানেই টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আহমেদের সংশ্লিষ্টতার কথা জানান।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বিন মোহাম্মদ নিবর বলেন, আমি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস পর্যন্ত গিয়েছি। ঘটনাস্থলে যাইনি। তবে আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদের নির্দেশে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সেখানে গিয়েছিল।
ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি বলেন, আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ, বিকম মতি ও আমরা বস্তিতে গিয়েছিলাম। সেখানে রাজউক থেকে বরাদ্দ পাওয়া প্লটের মালিকপক্ষ সীমানা নির্ধারণ করে। আমরা তাদের সহযোগিতা করেছি।
যোগাযোগ করা হলে স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান বিক্রয় কর্মকর্তা আজাহার উদ্দিন বলেন, আমাদের প্রতিষ্ঠানের নামে সেখানে সোয়া দুই বিঘা জায়গা বরাদ্দ রয়েছে। সীমানা নির্ধারণ করতে সোমবার সেখানে গিয়েছিলাম। আপতত আমরা উচ্ছেদে যাচ্ছি না। যখন উচ্ছেদের সময় হবে তখন বস্তিবাসীদের সাথে বসে তাদের ক্ষতিপূরণ দিয়েই উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আহম্মেদ বস্তি দখলে তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, নামবাজার বস্তির সোয়া দুই বিঘা জমি রাজউক থেকে বরাদ্দ পেয়েছে স্বদেশ ফুড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। তারা তাদের জায়গার সীমানা নির্ধারণের জন্য সেখানে গিয়েছে। যেহেতু ৫৫নং ওয়ার্ডে ঘটনাটি, সেহেতু ওয়ার্ড ছাত্রলীগের নেতারা সেখানে গিয়েছে। আমি নেতাকর্মীদের কাউকে বলিনি সেখানে যাওয়ার জন্য।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, নামাবাজার বস্তিতে জায়গার সীমানা নির্ধারণের কথা শুনেছি। কিন্তু কোনোরূপ বিশৃঙ্খলা হয়েছে বলে আমার জানা নেই।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied