সিরিজ জিতে বাংলাদেশকে ছোঁয়ার অপেক্ষায় ইংল্যান্ড
আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। যেখানে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ৪৯৮ রান করে জয় তুলে নেয় ইংলিশরা। রোববার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। এই দুই ম্যাচ জিতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে আফগানিস্তানকে টপকে দুইয়ে উঠে এসেছে তারা। এবার বাংলাদেশকে টপকানোর অপেক্ষায় ইংল্যান্ড।
সুপার লিগে বাংলাদেশের অবস্থান একদম শীর্ষে। ১৮ ম্যাচ খেলে ১২ জয়ে ১২০ পয়েন্ট টাইগারদের। ১ ম্যাচ কম খেলা ইংলিশদের নামের পাশে এখন ১১৫ পয়েন্ট। আগামী বুধবার সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচ জিতে ডাচদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশকে টপকে ১২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় উঠে যাবে তারা। সুপার লিগে ১২ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান আফগানিস্তানের।
আমস্টিলভিনে বৃষ্টি ভেজা মাঠে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে। ৪১ ওভারে নেমে আসা দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩৫ রান জমা করে। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ১০ ওভারে ৩৬ রানের মধ্যে বিদায় নেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। পরে ডি লিডের সঙ্গে ৬১ ও তেজা নিদামানুরুর সঙ্গে ৭৩ রানের দুটি জুটিতে দলকে এগিয়ে নেন স্কট এডওয়ার্ডস।
৪১ বলে ৩৪ রান করা করে আউট হন ডি লিড। ভারপ্রাপ্ত অধিনায়ক এডওয়ার্ডস ৩ ছক্কা ও ৪টি চারে ৭৩ বলে ৭৮ রান করে ফেরেন রান আউট হয়ে। ইংল্যান্ডের হয়ে পেসার উইলি ও লেগ স্পিনার আদিল রশিদ নেন ২টি করে উইকেট।
২৩৬ রানের লক্ষ্য টপকাতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ইংল্যান্ড। জেসন রয় আর ফিল সল্টের পার্টনারশিপ থেকে আসে ১৩৯ রান। আগ্রাসী ব্যাটিংয়ে দলীয় ১২ ওভারে ব্যক্তিগত পঞ্চাশ স্পর্শ করেন রয়, তার এই ফিফটি আসে ৪৩ বলে। প্রথম ২১ বলে ২২ রান করা সল্ট পরে ঝড় তুলে ফিফটিতে পৌঁছান ৩৭ বলে। রয় ৭৩ আর সল্ট ৭৭ রানে আউট হলে মরগ্যান ফেরেন শূন্য রানে। আগের ম্যাচে ১৭ বলে ফিফটি করা লিয়াম লিভিংস্টন এদিন ৪ রানের বেশি করতে পারেননি।
পরে মালানের অপরাজিত ৩৬ রানের সঙ্গে মঈন আলির ৪০ বলে ৪২ রানের কল্যাণে ২৯ বল আর ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ৩ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল তারা।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ