ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিতর্কের পর অবশেষে এক ফ্রেমে সানী-মৌসুমী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১০:১৫

গুঞ্জন উঠেছিল ঢালিউডের তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ২৭ বছরের দাম্পত্যে বড় ফাটল ধরেছে। স্বামীর সঙ্গে দ্বন্দ্বে মৌসুমী যখন জায়েদ খানের পক্ষে অডিওবার্তা দেন, তখন ওই গুঞ্জনে যেন একপ্রকার সিলমোহর পড়ে যায়। তবে ওমর সানী সম্প্রতি গণমাধ্যমে একটি অডিওবার্তা দিয়ে জানান, তার আর মৌসুমীর মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে।

কয়েক দিন না যেতে বোধ হয় তারই প্রমাণ মিলল ওমর সানীর ফেসবুক পেজে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এই নায়ক। বৃহস্পতিবার রাতে তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। সেগুলোর একটিতে মৌসুমী এবং ওমর সানীকে একই ফ্রেমে দেখা গেছে। সঙ্গে রয়েছেন তাদের তিনজন নিকটাত্মীয়। এই ছবি দেখে যারপরনাই খুশি দুই তারকার অনুরাগীরা।

ছবিটি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘অনেক দিন পর একটা অসাধারণ মুহূর্ত, আমার শালা কাম ভায়রা জিয়া অনেক দিন পর আমেরিকা থেকে আসছে, আর আমার শালি ইতি, ও থাকে অস্ট্রেলিয়ায়। অনেক দিন পরে আসলো আজকে আমাদের বাসায়। সাথে আছেন আমাদের বিয়াইন (মেজবা ভাই সচিব, ক্রীড়া মন্ত্রণালয়, তার স্ত্রী এবং আমরা। মিস করছি ইরিন জামান ও রিয়াজকে।’

পোস্টে ওমর সানী যাকে মিস করার কথা বলেছেন, সেই ইরিন জামান হলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন। তিনিও এক সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমাটির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। এছাড়া গানও গাইতেন। তবে সবকিছু ছেড়ে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী মৌসুমীর বোন ইরিন জামান।

প্রসঙ্গত, মাসখানেক আগে মৌসুমীকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয় ওমর সানী ও জায়েদ খানের মধ্যে। স্ত্রীকে বিরক্ত ও অসম্মান করার অভিযোগে গত ১০ জুন অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। পরদিন শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দেন। এরপরই স্বামী ওমর সানীর বিপক্ষে গিয়ে জায়েদ খানের পক্ষে কথা বলেন মৌসুমী।

নায়িকা সে সময় অডিওবার্তায় জানান, জায়েদ খান তাকে কোনোভাবেই বিরক্ত বা অসম্মান করে না। বরং বড় বোনের মতো সম্মান করে। তিনিও জায়েদকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। এরপরই সামনে চলে আসে সানী-মৌসুমীর দাম্পত্য কলহ। যদিও ওমর সানীর নতুন পোস্ট হাসি ফুটিয়েছে তার এবং মৌসুমীর অনুরাগীদের মুখে। সবাই তাদের সুখী দাম্পত্য কামনা করেছেন।

জামান / জামান