ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে নামলেই ‘সেঞ্চুরি’ করবেন কোহলি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৩:৯

প্রায় তিন বছর ধরে ব্যাট হাতে সেঞ্চুরি করতে পারছেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পেরেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর থেকে খেলা ৬৮ ম্যাচে ২৫টি ফিফটি করলেও পাননি সেঞ্চুরির দেখা।

তবে রানের সেঞ্চুরি থেকে দূরে থাকলেও, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই একটি সেঞ্চুরি অবধারিত কোহলির। সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচের সেঞ্চুরি। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন কোহলি। রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তার শততম হতে চলেছে।

শুধু শততম টি-টোয়েন্টি ম্যাচ বলেই নয়, এর মাহাত্ম্য রয়েছে আরও। ভারতের প্রথম ও বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন কোহলি। তার আগে এ কৃতিত্ব দেখাতে পেরেছেন শুধুমাত্র সাবেক কিউই তারকা রস টেলর।

অবসরের আগে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেলর। যেখানে ৪০ সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজারের বেশি রান করেছেন নিউজিল্যান্ডের এ সাবেক অধিনায়ক। তিনি ছাড়া আর কেউই তিন ফরম্যাটে আলাদা আলাদা ম্যাচের সেঞ্চুরি করতে পারেননি।

রোববার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের একাদশে কোহলির থাকা নিশ্চিতই বলা চলে। আর মাঠে নামলেই অনন্য সেঞ্চুরিটি করে ফেলবেন ভারতের এ সাবেক অধিনায়ক। যার ফলে এতোদিন একা থাকা টেলরও একজন সঙ্গী পাবেন।

এখন পর্যন্ত ১০২ টেস্টে ২৭ সেঞ্চুরিতে ৮০৭৪ ও ২৬২ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরিতে ১২৩৪৪ রান করেছেন কোহলি। কুড়ি ওভারের ফরম্যাটে খেলা ৯৯ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি, সর্বোচ্চ সংগ্রহ ৯৪ রান। সবমিলিয়ে ৩০টি ফিফটির সাহায্যে এই ফরম্যাটে কোহলির সংগ্রহ ৩৩০৮ রান।

উল্লেখ্য, এখনও খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটেই ম্যাচের সেঞ্চুরির একটি সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহিমের। তিনি এখন পর্যন্ত খেলেছেন ২৩৬টি ওয়ানডে ও ১০০টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ। টেস্ট ক্রিকেটে তার ম্যাচ সংখ্যা ৮২টি। অবসরের আগে ১৮টি ম্যাচ খেলতে পারলেই টেলর-কোহলিদের ক্লাবে যোগ দেবেন তিনি।

এছাড়া মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এর বাইরে তিনি খেলেছেন ৬৩টি টেস্ট ও ২২১টি ওয়ানডে ম্যাচ। সাকিব-মুশফিক ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলা অন্য বাংলাদেশি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এমএসএম / প্রীতি

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি

বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ

পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে

শামীম-হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ কিউই ক্রিকেটার

দুই টেস্টে ১২ উইকেট নিয়েও মুরাদের বাদ পড়ার কারণ বললেন হাবিবুল