ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফুটপাত বন্ধ করে দোকান, ভাড়া তোলে পুলিশ বক্স


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৩৭
ফুটপাতে পথচারী হাঁটার জায়গায় একের পর এক অবৈধ অস্থায়ী দোকান। কোনোটি ভাতের হোটেল, কোনোটি চায়ের দোকান, আবার কোনোটি সিগারেট বা ভাজাপোড়া বিক্রির দোকান। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে দোকান চলে গেছে সড়কে। বাধ্য হয়ে পথচারীদের ফুটপাত ছেড়ে হাঁটতে হয় সড়ক দিয়ে। অনেকটা কোটি টাকায় তৈরি ফুটপাতে লক্ষ টাকার ব্যবসা করার মতো ঘটনা। এমনটিই দেখা যায় রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ লক্ষীপুর মোড়ে, মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের দুইধারে। শুধু লক্ষিপুরেই নয়, এমন ঘটনা এখন রাজশাহী পুরো শহর জুড়েই চলছে। 
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু করে পশ্চিমে ঝাউতলার মোড়, পূর্ব দিকে ঘোষপাড়া মোড়, উত্তরে সিটি বাইপাস কড়ইতলা এবং দক্ষিণে সিএন্ডবি মোড় পর্যন্ত সব সড়কের পাশেই এমন চিত্র। ফুটপাত দখলের কারণে যানজটসহ নানা ভোগান্তিতে পড়ছে নগরীর বাসিন্দারা।
 
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, ফুটপাত ও রাস্তা হকারদের দখলে থাকায় নগরীতে চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণির মানুষেরা মারাত্মক সমস্যায় পড়ছেন। প্রতিনিয়ত যানজটের সম্মুখীন হতে হচ্ছে, চলাচলে অসুবিধা হচ্ছে। কিছু কিছু হকার এলাকায় চুরি, মাদকের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে। ফুটপাত দখলকারীদের অরাজকতায় স্থানীয়রা উদ্বিগ্ন সচেতন এলাকাবাসী। 
 
অনুসন্ধানে জানা যায়, অবৈধ এসব দোকান থেকে সকাল ও সন্ধ্যার পরে পালা করে ২০ থেকে ৮০ টাকা দোকান ভেদে তোলা হয়। দেড় শতাধিক দোকান থেকে প্রতিদিন ন্যূনতম প্রায় ২০ হাজার টাকা তোলা হয়, যা মাসিক হিসাবে দাঁড়ায় প্রায় দশ লাখ টাকা। আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় কয়েক লাখ টাকা কালেকশন করা হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যার পরে পালা করে লক্ষিপুর পুলিশ বক্সের কনস্টেবল জাবেদ এবং তার সহযোগী মামুন ও ইমন নামে দুই ব্যাক্তি এই চাঁদার টাকা সংগ্রহ করে থাকেন।
 
কৌশলে দোকান নিতে ফুটপাতের এক দোকানদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এখানে সহজে কোন দোকান পাবেন না। দোকান পেতে হলে লক্ষিপুর পুলিশ বক্সের ইনচার্জ ও তার সহযোগী ইমনের সাথে যোগাযোগ করতে হবে। দোকান পেতে আপনাকে প্রথমে ১০ থেকে ১৫ হাজার টাকা ও প্রতিদিন ২০ থেকে ৮০ টাকা চাঁদা দিতে হবে । তাহলেই আপনি ফুটপাতে দোকান দিতে পারবেন।
 
এদিকে ফুটপাত বিক্রি করে প্রতিমাসে পুলিশ বক্সের মাসিক আয় লক্ষ লক্ষ টাকা। যদি কেউ কোনো কারণে চাঁদা না দেয়, তাহলে তার দোকান বন্ধ করে দেয় বক্স পুলিশ। ইতোপূর্বেও এই বক্স নিয়ে নানা সময় চাঁদা নেওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। 
 
লক্ষিপুর পুলিশ বক্সের ইনচার্জ মানিক মিঞা'র কাছে চাঁদা তোলার বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে, তিনি পুলিশ বক্সে ডেকে ফোন কেটে দেন। পুলিশ বক্সে গেলে তিনি বলেন, মিডিয়া স্যারের সাথে কথা বলুন। আমাদের কথা বলার পারমিশান নাই। 
 
জানতে চাইলে আরএমপি'র মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ যদি লিখিত অভিযোগ দেয়, তবে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। কনস্টেবল চাঁদা তুলতে পারেন কি না জানতে চাইলে, প্রতিবেদককে তিনি বলেন, আপনি একটা অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিবো। সাংবাদিক কেনো অভিযোগ দেবে জানতে চাইলে তিনি বলেন, যে কেউ অভিযোগ দিতে পারে। আমরা শুধু যানজট নিরসনে কাজ করি, উচ্ছেদ করার নয়। 
 
এ বিষয়ে কথা বললে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  এবিএম শরীফ উদ্দিন বলেন, ফুটপাত দখল মুক্ত করতে আমাদের অভিযান চলমান আছে। আমরা প্রতিনিয়ত অভিযান করি, তবে অভিযান শেষে আবার ফুটপাত দখল হয়ে যায়। এ বিষয়টি প্রশাসনের নজরদারি জরুরি। অবৈধ সুবিধা পেতে সুন্দর নগরীর ফুটপাত গুলো দখল দিচ্ছে কিছু অসাধু প্রশাসন ও স্থানীয় নেতা। 

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ