ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

দেড় বছরও আলোর মুখ দেখেনি যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৩:৮

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে দেড় বছর আগে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হলেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন এবং বিচারিক প্রক্রিয়া।

২০২৩ সালের ২৮ মার্চ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের বিরুদ্ধে এই যৌন ও মানসিক হয়রানির অভিযোগ দায়ের করেন এগ্রিবিজনেস অনুষদের বেশকিছু ছাত্রী। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তখনকার প্রশাসন যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে একটি কমিটি গঠন করে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দেড় বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। তবে ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই বছর শিক্ষার্থীরা সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বেশকিছু অভিযোগ প্রক্টরের কাছে জমা দেন। অভিযোগপত্রে এক ছাত্রী বলেন, তিনি (আবু জাফর আহমেদ মুকুল) বিভিন্ন সময়ে আমাকে তার সঙ্গে একাকী দেখা করতে বলেন। আমি তাকে এড়িয়ে চললে তিনি আমার বাসার সামনে এসে আমাকে তার সঙ্গে রেস্টুরেন্টে যেতে বলেন। আমি ফোন রিসিভ না করলেও তিনি আমাকে ফোন দিতেই থাকেন। আমাকে বিভিন্ন জায়গায় তার সঙ্গে একা ঘুরতে যেতে বলেন। এছাড়াও নম্বর বেশি দিয়ে শিক্ষক বানানোর প্রলোভনে কাছে টানার চেষ্টা, প্রতিদিন সকালে রুটিনমাফিক কল-মেসেজ, গভীর রাতে ভিডিও কল, একা কফিশপে ডাকা, ছাত্রীদের বাসার সামনে গিয়ে ঘুরতে বের হতে বলা।

এছাড়া অসময়ে কল করে অপ্রাসঙ্গিক কথা বলে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে। ক্লাসে ব্যক্তিগত হয়রানির প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে পাগল ও অটিস্টিক বলে সম্বোধন করেন বলেও অভিযোগ রয়েছে। ছাত্রীদের উত্ত্যক্ত করা ছাড়াও একাডেমিক কার্যক্রমে অনিয়মের অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, ক্লাসে তিনি নিজেকে লাইসেন্সধারী মাস্তান এবং শিক্ষার্থীদের লাইসেন্সবিহীন মাস্তান বলে সম্বোধন করেছেন। তার বিরুদ্ধে কেউ যেন অভিযোগ তুলতে না পারে এজন্য প্রতি সেমিস্টারে তার ক্লাস থাকায় তার কাছ থেকে 'নিস্তার নেই' জানিয়ে শিক্ষার্থীদের হুমকি দেন। মনগড়া সিলেবাসে এবং সিলেবাসের বাইরে থেকে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রায়ই বিপদে ফেলতেন এই শিক্ষক। এছাড়া ক্লাসে খারাপ ব্যবহার এবং প্রশ্নফাঁসের অভিযোগও উঠে এসেছে।

শিক্ষার্থীরা আরো বলেন, তিনি নিজ স্বার্থে শিক্ষার্থীদের অনুষদের ডিন ও শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনের জন্য চাপ দিতেন। প্রতিদানে আন্দোলনকারীদের প্রশ্নপত্র বিতরণ করতেন মুকুল। অসম নম্বর বণ্টন এবং পছন্দের শিক্ষার্থীকে নম্বর প্রদানে সুবিধা দেয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা। নিয়মবহির্ভূতভাবে উত্তরপত্রে রেজিস্ট্রেশনের পাশাপাশি নাম লেখাতেন তিনি। অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেয় করার অভিযোগও উঠেছে। উপাচার্যের নির্দেশের পরও পরীক্ষা না নেয়া এবং পরবর্তীতে উপাচার্যের কল রিসিভ করেননি বলে দাম্ভিকতা প্রদর্শন করেন শিক্ষক মুকুল।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আগের কমিটি একটি রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত এবং শোকজ করা হয়েছে। তিনি (মুকুল) এটার জবাব দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছিলাম আগের প্রশাসন দিয়ে, যার প্রধান ছিলেন সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর। এখন তো আগের প্রশাসন নেই, তাই কাজটি আর করা হয়নি। এখন নতুন প্রো-ভাইস চ্যান্সেলর জয়েন করেছেন। আমাদের ফাইল রেডি আছে, ছুটির পরেই আমরা নতুন কমিটি গঠন করব।

T.A.S / জামান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি