গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
ঢাকার সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’ সমর্থনে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’ নামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল, ছাত্র ফেডারেশন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে গঠনতান্ত্রিকভাবে রাজনীতি নিষিদ্ধ। তবে গেল দুই বছরে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও নজির ডিঙ্গিয়ে ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন পদে আসীন হয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরও ব্যানার দেখা গেল। যদিও এই ব্যানার টাঙানোর সঙ্গে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে সীমানা দেয়ালের পাশে লোহার রেলিংয়ের ওপর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি ব্যানার ঝুলতে দেখেন শিক্ষার্থীরা। সেটি তারা অপসারণ করেন। তবে ওই ব্যানারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরপরই ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মূল ফটকের সামনে মানববন্ধন করে ১৫-২০ জন শিক্ষার্থীদের একটি অংশ। ওই কর্মসূচিতেই ছাত্রদল, ছাত্র ফেডারেশন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এক সঙ্গে নেতৃত্ব দেন।
এ সময় মানববন্ধনে ‘আপা আপা করিস না, আপা আর আসবে না’, ‘লীগ ধর জেলে ভর’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ এর মতো বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে ‘গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ নামে একটি ফেসবুক পেজ থেকে ওই কর্মসূচির লাইভ প্রচার করা হয়। এরমধ্যে ১ মিনিট ৫৯ সেকেন্ডে একটি লাইভে বলতে শোনা যায়, ‘সবাই আছে, ছাত্র ফেডারেশনও আছে।’ তবে ঠিক কে এই কথা বলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান বিজয়, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসাধারণ সম্পাদক সামিউল ইসলাম। গকসুর সাধারণ নির্বাচনের পর থেকেই সামিউল ইসলামের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার একাধিক নজির রয়েছে। এছাড়া এতে অংশ নেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জনসহ তাঁদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের রাজনৈতিক সম্পৃক্ততা শেষ হয়েছে। তারা ধর্মঘটের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এখানে ব্যানার টাঙানো হয়েছে। রাতে এসে লুকিয়ে ব্যানার লাগানো বা বাসে আগুন দেওয়ার অপচেষ্টা করা হলে গণ-অভ্যুত্থানের মতো করেই আবার রাজপথে প্রতিহত করা হবে।”
গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান বিজয় বলেন, ‘আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিদেশ থেকে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, এরপরও তারা উসকানিমূলক আচরণ করছে। খুব ভোরে মাস্ক পরে এসে ব্যানার টাঙানো হয়েছে। তবে পুরো ছাত্রসমাজ আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা রাজপথেই তাদের মোকাবিলা করব।’
গকসুর সহসাধারণ সম্পাদক সামিউল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা স্পষ্ট বলতে চাই, ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা যেকোনো মতাদর্শের রাজনীতি করতে পারেন, কিন্তু নিষিদ্ধ সংগঠন হয়ে এখানে ব্যানার টাঙানোর মতো দুঃসাহস মেনে নেওয়া হবে না। জড়িতদের খুঁজে বের করা হবে এবং প্রশাসন তাঁদের কাউকে সহায়তা করলে তাঁদের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে।’
গণ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম সাইফুল্লাহ বলেন, ‘আমি আজকে বাইরে ছিলাম। তাই ভেতরের খবরটা এত ভালোভাবে জানি না। বিকেলে আবার ক্যাম্পাসে গিয়েছিলাম আবার সাথে সাথে বের হয়ে আসছি। আপনাকে সহযোগিতা করতে পারলাম না। আপনি কালকে আমাদের প্রক্টরিয়াল বডি বা ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বললে বিষয়টি জানতে পারবেন।’
গণ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায়। আশুলিয়া থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্য তাদের জানা নেই।
প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ছাত্র অঙ্গীকারনামার প্রথমটি হচ্ছে, ‘ছাত্র অবস্থায় আমি কোনো দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবো না’। সকল শিক্ষার্থী অঙ্গীকারনামায় স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়। অঙ্গীকারের ব্যত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস কিংবা পরিচিতিতে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেও জানানো হয়, ক্যাম্পাসে অধ্যয়নরত সব শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সব ধরনের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। গণ বিশ্ববিদ্যালয়ের নাম লোগো দলীয় রাজনীতিতে নিষিদ্ধ। এর ব্যত্যয় হলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর প্রায় ২৮ বছরের মধ্যে ২৬ বছরে কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে কর্মসূচি কিংবা কমিটি ঘোষণা হয়নি। এমনকি ১৭ বছর আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ একাধিকবার চেষ্টা করলেও কমিটি দেয়নি।
তবে ২৭ তম বছরে এসে প্রথমে ছাত্রদল ও পরে ছাত্র ফেডারেশনের কমিটির মাধ্যমে প্রথমবারের মতো রাজনৈতিক সংগঠনের সরাসরি কমিটি দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করতে দেখা গেছে সংগঠনগুলোকে। এবার দেখা গেল নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিও।
এমএসএম / এমএসএম
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের