ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

মামলার আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড : মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ২৩ বছর। তার মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।

পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের একপর্যায়ে বিষয়টি তার মা দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।

গ্রেপ্তার ও স্বীকারোক্তি: ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম:
মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

অবশেষে বুধবার(১১ নভেম্বর) নির্ধারিত দিনে আদালত মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।

এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই শিক্ষার্থীরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। আলোচিত এই দ্বৈত হত্যাকাণ্ডের রায়ে নিহত সুমাইয়া ও তার মায়ের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, “১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এছাড়াও সুমাইকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

এমএসএম / এমএসএম

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ