ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
রাজধানী ঢাকার কোথায়, কখন এবং কী ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে, তা তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম) জানাতে ‘সেফপাথ’ (SafePath) নামের একটি ডিজিটাল লাইভ ম্যাপ তৈরি করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মোনায়েম মুকুল। সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কোনো প্রকার নাম-পরিচয়, ফোন নম্বর বা ব্যক্তিগত তথ্য ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।
উদ্যোক্তা মোনায়েম মুকুল জানান, কিছুদিন আগে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু রাজধানীতে ছিনতাইয়ের শিকার হন। বন্ধুর সেই মানসিক ট্রমা ও অসহায়ত্ব দেখার পর সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা নিরাপদ করতে কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। মানুষ যেন ঘর থেকে বের হওয়ার আগেই কোন এলাকায় বা কোন সময়ে অপরাধের প্রবণতা বেশি তা জেনে বিকল্প পথ বেছে নিতে পারেন কিংবা সতর্ক থাকতে পারেন—সেই ভাবনা থেকেই তিনি ‘সেফপাথ’ তৈরি করেন।
ম্যাপটিতে রাজধানীর বিভিন্ন এলাকার ঝুঁকির মাত্রা রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে; যেখানে ‘সবুজ’ রঙ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এবং ‘লাল’ রঙ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা নির্দেশ করে। সকাল, বিকেল ও রাতের সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যাপের এই রঙ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। ম্যাপের যেকোনো পয়েন্টে ট্যাপ করলে ঝুঁকির কারণ, ঘটনার সময়, ছিনতাইয়ের ধরন (যেমন—চলন্ত বাইক বা রিকশা থেকে টান দেওয়া কিংবা হেঁটে যাওয়ার সময় আক্রমণ) এবং ওই ঘটনার ওপর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংকও দেখা যায়।
এ ছাড়া ব্যবহারকারী তাঁর যাত্রার উৎস ও গন্তব্য লিখলে ম্যাপটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বিকল্প রাস্তা বা ‘সেফ রুট’ খুঁজে দেয় এবং বিকল্প পথে গেলে কত মিনিট বেশি সময় লাগবে, তাও তাৎক্ষণিক হিসাব করে দেখায়। যাত্রা শুরু করার পর জিপিএস লোকেশনের ভিত্তিতে সামনে কোনো ঝুঁকিপূর্ণ জোন থাকলে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীকে বাংলায় লাইভ অডিও সতর্কবার্তা পাঠায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় কোনো লোকেশন ডেটা সার্ভারে সংরক্ষণ করা হয় না।
প্ল্যাটফর্মটিতে যে কেউ নাম-পরিচয় গোপন রেখে চারটি ধাপে (কী হয়েছে, কোথায়, কখন এবং ঘটনার বিবরণ বা ভিডিও) ছিনতাইয়ের তথ্য রিপোর্ট করতে পারেন। তবে ভুয়া বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রতিরোধে মডারেটর প্যানেলের কঠোর যাচাই-বাছাই এবং একাধিক ভিন্ন রিপোর্টের সত্যতা মেলার পরই কেবল তা ম্যাপে দৃশ্যমান হয়।
তরুণ এই উদ্ভাবক জানান, ভবিষ্যতে এই প্রজেক্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ঝুঁকির পূর্বাভাস, জরুরি সহায়তা ব্যবস্থা এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে লাইভ যাত্রাপথ শেয়ারিংয়ের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উদ্ভাবক মোনায়েম মুকুল বলেন, ‘সেফপাথ কোনো এলাকাকে সরকারিভাবে শতভাগ নিরাপদ ঘোষণার নিশ্চয়তা দেয় না এবং কাউকে আতঙ্কিত করাও এর উদ্দেশ্য নয়। এটি সাধারণ মানুষের প্রাত্যহিক সচেতনতা ও সুরক্ষার একটি নাগরিক হাতিয়ার। আমাদের সম্মিলিত ছোট ছোট তথ্য যদি অন্য কোনো নাগরিককে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, সেখানেই এর সার্থকতা।’
কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজারের মাধ্যমে (https://chintai-bd.vercel.app/bn) এই সেবাটি ব্যবহার ও তথ্য প্রদান করা যাচ্ছে।
এমএসএম / এমএসএম
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন