পাঁচ মাস ধরে অচল কুয়েট: তদন্ত কমিটি গঠিত, অনিশ্চিত শিক্ষাকার্যক্রম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষের পাঁচ মাস পেরিয়ে গেলেও অচলাবস্থা কাটেনি। শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাইলেও শিক্ষকেরা এখনো পাঠদানে ফিরতে রাজি নন। এতে অভিভাবকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে গত রবিবার (২০ জুলাই) কুয়েটের সার্বিক পরিস্থিতি এবং সংঘর্ষের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২০ জুলাই) সকালে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে এলেও শিক্ষকেরা পাঠদান শুরু করেননি। একই দিনে প্রশাসনিক ভবনের সামনে অভিভাবকেরা মানববন্ধন করে ক্লাস শুরুর অনুরোধ জানান। এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান সংকটের সমাধান কঠিন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ক্লাস শুরু না হওয়ার কারণ এবং বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা করেছেন।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুয়েটের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া ও সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতি বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। তদন্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি মণ্ডল ও বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসরুর আলী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েটের একজন কর্মকর্তা বলেন, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে হওয়া সংঘর্ষের ঘটনা ইতিহাসে বিরল। একজন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে শিক্ষকেরাও ভয় পাচ্ছেন। শিক্ষকেরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ চান। তারা পাঠদানের পরিবেশ চান। শিক্ষার্থীরা তো তাদেরই সন্তান। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত না করা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই এখন নিরাপদ নন।
১৯ ব্যাচের শিক্ষার্থী তানিম হাসান বলেন, "পাঁচ মাস ধরে আমাদের পরীক্ষা, ক্লাস বন্ধ আছে। শিক্ষার্থীদের পাশাপাশি এখন অভিভাবকেরাও চিন্তিত। তারা চাতক পাখির মতো চেয়ে আছে তাদের সন্তানের দিকে, চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের কুয়েটকে নিয়ে অবহেলা শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে। পাঁচ মাস সময় লেগেছে তদন্ত কমিটি গঠন করতে। দুই মাস সময় দেওয়া হয়েছে তদন্তের জন্য। তার মানে কি আরও দুই মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে? শিক্ষা উপদেষ্টা যদি শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ ধরে রাখতে না পারে তাহলে পদত্যাগ করুক। পাঁচ হাজারেরও বেশি সংখ্যক শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য শিক্ষা উপদেষ্টা দরকার নেই আমাদের। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধনী-গরিব সবাই পড়ে। কিন্তু সবার পারিবারিক সামর্থ্য এক নয়। অনেকেই চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ হারাচ্ছে শুধু একটি পরীক্ষার অপেক্ষায়।"
২১ ব্যাচের শিক্ষার্থী রেজানুর রহমান বলেন, "পাঁচ মাস আমাদের লেখাপড়া বন্ধ। অনেক আশা নিয়ে মা-বাবা আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। তারাও এখন চিন্তিত। আমরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি। তাদের অনুরোধ জানিয়েছি। আমরা ক্লাসে ফিরতে চাই।"
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানান, শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা হয়েছে। উপাচার্য ছাড়া অচলাবস্থা কাটবে না। উপাচার্য দায়িত্ব নেওয়ার পরই সব কার্যক্রম শুরু হবে। এখন ক্লাস শুরুর জন্য ছাত্র-শিক্ষক সবাই এক জায়গায় আছেন। উপাচার্যের অনুপস্থিতিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালানো যাচ্ছে না।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই চলছে এই অচলাবস্থা। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকেরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এরপর গত ২১ মে ড. মো. হযরত আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে অচল অবস্থায় রয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়। একদিকে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম স্থবির এবং একাডেমিক ও আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল
আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন
শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
ঘুষ ছাড়া মেলেনা খারিজ হাটিকুমরুলে" সেবাবঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ