ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কক্সবাজারে ইউপি নির্বাচনে গোলাগুলি : নিহত ২


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৫:১০

কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ এবং মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের সাথে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতরা হলেন- কুতুবদিয়ার বড়ঘোপের নৌকার এজেন্ট আবদুল হালিম (৩৫) এবং মহেশখালীর কুতুবজোমের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আবুল কালাম (৩৮)। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুতুবজোমে ও দুপুর ১২টায় বড়ঘোপে ভোট চলাকালীন এ ঘটনা ঘটে।

কুতুবজোম ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী জানান, সকাল সাড়ে ৯টার দিকে নৌকা ও চশমার সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আবদুল হালিম নিহত হয়েছে। এ ঘটনায় পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবদিয়া সরকারি কলেজকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, কিছু লোক ভোটকেন্দ্রে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এটি ঠেকাতে জটলার ভেতর ঢুকে যান হালিম। ছিনতাই ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য গুলি চালালে গুলিতে আবদুল হালিম আহত হন। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হালিম বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নির্বাচনে তিনি ৫নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলেন।

অন্যদিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে নৌকার প্রার্থী শেখ কামালের পক্ষে কিছু যুবক ভোটকেন্দ্রে এবং রাস্তায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকন (চশমা) সমর্থিত লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নৌকা সমর্থিত লোকজনের গুলিতে চশমা সমর্থিত আবুল কালাম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও গুলিবিদ্ধ ১০ জন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। 

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত‍াবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে কুতুবজোম ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণও চলছে। পাশাপাশি ঘটনাস্থলে কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার জানান, ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টা নিয়ন্ত্রণের সময় আবদুল হালিম নামে একজন নিহত হয়েছেন। তার লাশ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ওই কেন্দ্রে আপাতত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এমএসএম / জামান

কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন

আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা। 

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার

গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

‎হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা

শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের

জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন