ঝিনাইদহে মসজিদের জমি গোপনে বিক্রি: ভুয়া রেজুলেশনে রেজিস্ট্রি, ইমাম-সভাপতি অপসারণ
ঝিনাইদহে মসজিদের জমি ইমাম রবিউল ইসলাম ও মসজিদ কমিটির কথিত সভাপতি সদর আলীর বিরুদ্ধে গোপনে এক প্রবাসীর কাছে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার বিকেলে এলাকার লোকজন ও মসজিদ কমিটির সদস্যরা মিটিং করে ইমামকে চাকরিচ্যুত ও সভাপতিকে অপসারণ করেছে। ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের আমেরচারা বাজারে অবস্থিত বাইতুল মামুর মসজিদের। আমেরচারা বাজারের দোকান মালিক সদস্যরা জানিয়েছেন, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মৌখিক কমিটির সভাপতি সদর আলী মসজিদের নামে রেজিস্ট্রি করা ১৬ শতক ধানী জমি সানা উল্লা নামে এক প্রবাসীর কাছে বিক্রি করে দিয়েছেন। কমিটির অন্য সদস্যদের না জানিয়ে বিক্রিত জমি ক্রেতার নামে মসজিদের পক্ষে সদর আলী রেজিস্ট্রিও করে দিয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ তুলছেন, মোটা টাকা ঘুষের মাধ্যমে সদর সাব রেজিস্ট্রি অফিস বেআইনীভাবে এই রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন করেছে। মসজিদের মৌখিক কমিটির সভাপতি সদর মন্ডল দাতা হিসেবে সদর সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিলে স্বাক্ষর করেছেন (দলিল নং-১০৯৪০/২৫)। দলিল লেখক আমিনুল ইসলাম (সনদ নং-৭২) এই দলিল প্রস্তুত করেন এবং সাবরেজিস্ট্রার মোস্তাক হোসেন এটি রেজিস্ট্রি করেন। মসজিদ কমিটির সেক্রেটারী আরজান আলী জানান, সাগান্না গ্রামের মরহুম শুকুর আলীর তিন ওয়ারিশ সুফিয়া খাতুন, আলেয়া পারভীন ও শাহীনা পারভীন ৪৩ নং সাগান্না মৌজার ২১২২ দাগের ১৬ শতক ধানী জমি মসজিদের নামে দান পত্র করে দেন ২০২৩ সালের ৪ জুলাই। এই জমি গোপনে মসজিদ কমিটির অন্য কাউকে না জানিয়ে সভাপতি সদর আলী ও ইমাম রবিউল ইসলাম মিলে গত সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে প্রবাসী সানা উল্লা নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তিনি বলেন, তাদের না জানিয়ে সদর আলী ও ইমাম রবিউল ইসলাম মিলে একটি রেজুলেশন তৈরি করেছেন যা মসজিদের রেজুলেশন খাতায় অন্তর্ভুক্ত নেই। নতুন দলিলে জমির মূল্য ধরা হয়েছে ২ লাখ ৯৪ হাজার হলেও মসজিদ ফান্ডে এই টাকা জমা হয়নি। জমি ক্রেতা সানা উল্লার পিতা আকবার আলী বলেন, ২০২০ সালে মসজিদ কমিটির তৎকালীন সভাপতি-সেক্রেটারির কাছ থেকে তিনি ১ লাখ ২০ হাজার টাকায় এই জমি কিনেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে রেজিস্ট্রি করে দিচ্ছিল না। গত সেপ্টেম্বর মাসে মসজিদ কমিটির বর্তমান সভাপতি সদর আলী দাতা হিসেবে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। তবে অনুসন্ধান করে জানা গেছে, জমিটি মসজিদকে দান করা হয় ২০২৩ সালের ৪ জুলাই। আরজান আলী আরও জানান, ২০২৪ সালের ১ জুনের পরে মসজিদের আর কোনো রেজুলেশন হয়নি এবং রেজুলেশন খাতা তার কাছে সংরক্ষিত রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আগের কমিটি ভেঙে দিয়ে মৌখিকভাবে আরেকটি কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি হন সদর আলী এবং তিনি (আরজান আলী) পুনরায় সেক্রেটারী নির্বাচিত হন। নতুন কমিটি গঠনের পর কোনো রেজুলেশন করা হয়নি বলেও তিনি প্রমাণ দেখান। সদর আলী বলেন, সমস্যা মিটে গেছে এবং বুধবার মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জমি ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হবে। কাউকে না জানিয়ে গোপনে কেন রেজিস্ট্রি করে দিলেন জানতে চাইলে তিনি স্বীকার করেন কোনো রেজুলেশন করা হয়নি এবং দাবি করেন এই জমি অনেক আগের কমিটির সভাপতি-সেক্রেটারি মিলে বিক্রি করে রেখে গেছেন। তিনি কয়েক মাস দায়িত্ব নেওয়ার পর ক্রেতার দাবির পরিপ্রেক্ষিতে এই কাজ করেন। মসজিদের ইমাম রবিউল ইসলাম অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিবেন না বলে জানান। দলিল লেখক আমিনুল ইসলাম ভুয়া রেজুলেশনে জমির রেজিস্ট্রির সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছে মসজিদের ইমাম ও সভাপতি এসে যে কাগজপত্র দিয়েছে সেই আলোকে আমি দলিল প্রস্তুত করেছি। তবে তিনিও পরে বুঝতে পেরেছেন রেজুলেশনটি ভুয়া। ঝিনাইদহ সদর সাব রেজিস্ট্রার মোস্তাক হোসেন অবশ্য বলেন, একটি রেজুলেশনের ভিত্তিতে জমি রেজিস্ট্রি করা হয়েছে এবং এটি সঠিক না ভুল তা আদালত প্রমাণ করবে। তিনি এই দলিল রেজিস্ট্রির সাথে অনৈতিক লেনদেনের অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন এবং বলেন দলিল লেখক অনিয়ম ও অসত্য তথ্য উপস্থাপন করলে তার লাইসেন্স বাতিল করা হবে।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত