টিনছাড়া ঘরে একাকী জীবন, অনাহারে দিন যায় অন্ধ হাজেরা খাতুনের
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চরপাড়া গ্রামে চরম অবহেলায় মানবেতর জীবনযাপন করছেন পঞ্চাশ বছর বয়সী হাজেরা খাতুন। অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী এই নারী আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তার আওতায় আসেননি।
হাজেরা খাতুন চান্দাইকোনা ইউনিয়নের সরাইদহ চড়পারা গ্রামের মৃত হযরত আলীর মেয়ে। বর্তমানে তিনি বসবাস করছেন অর্ধেকাংশ টিনছাড়া একটি জরাজীর্ণ দোচালা ঘরে। ঘরের চারপাশের বেড়ার টিন ও কাঠ পচে নষ্ট হয়ে গেছে, কোথাও কোথাও বড় ফাঁক রয়েছে। জানালাবিহীন এই ঘরের ভাঙাচোরা দরজাটি কাপড়ের ফাঁস দিয়ে বাঁধা ও হেলান দিয়ে রাখা। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে হাঁটুসমান পানি জমে যায়। শীতের রাতে চারপাশের ফাঁক দিয়ে ঢুকে পড়ে ঠান্ডা বাতাস।
ঘরের ভেতরে একটি ভাঙা চৌকি ছাড়া আর কোনো আসবাব নেই। ছেঁড়া একটি কাঁথা বিছিয়ে এবং আরেকটি গায়ে জড়িয়ে রাত কাটে হাজেরা খাতুনের। বিয়ের অল্পদিনের মধ্যেই স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর আর কোনো সংসার গড়ে ওঠেনি, হয়নি কোনো সন্তান। একাকীত্বই হয়ে উঠেছে তার জীবনের স্থায়ী সঙ্গী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় চোখে দেখতে পেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি দুই চোখের দৃষ্টি হারান। একই সঙ্গে বন্ধ হয়ে যায় কানের শ্রবণশক্তিও। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল। গ্রামের কেউ খাবার দিলে তা খেয়ে বাঁচেন, আর না দিলে দিনের পর দিন অনাহারে থাকতে হয় তাকে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এমন চরম অসহায় অবস্থার মধ্যেও তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধা পাননি। শীত মৌসুমেও সরকারি সহায়তার তালিকায় তার নাম ওঠেনি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে হাজেরা খাতুনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর উদ্যোগ প্রয়োজন। ন্যূনতম খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা গেলে জীবনের শেষ সময়টুকু অন্তত মানবিক মর্যাদায় কাটাতে পারবেন হাজেরা খাতুন।
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন