ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬

গভীর রাতে রেলের সিসিএস দপ্তরে আগুন, নথি পুড়ে ছাই


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ২:৫১

গভীর রাতে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ মার্চ (শুক্রবার) রাত ১১ টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর প্রকশ পায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এই সময়ের মধ্যে যন্ত্রাংশ কেনাকাটা সংশ্লিষ্ট অনেক নথি পুড়ে ছাই হয়ে গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তাৎক্ষনিক আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়র সার্ভিস। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজের ফুলকী থেকে আগুন ধরতে পারে বা বাইরের কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিতে পারে। 
সিসিএস দপ্তর সূত্র জানায় শুক্রবার রাত আনুমানিক রাত ১১ টা ১০ মিনিটে নিয়মিত টহলের সময় আরএনবি সদস্য মো. সাব্বির হোসেন সিসিএস অফিসের মেইন রোডের পার্শ্বস্থ দেওয়াল সংলগ্ন একটি কক্ষে আগুনের ফুলকি দেখতে পায়। তাৎক্ষনিক সে তার ঊর্ধ্বতন লাইন ইনচার্জকে অবহিত করে ফায়ার সার্ভিসে ফোন করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। দপ্তরের মেরামত কাজ চলমান থাকায় উপরের টিনের ওয়েল্ডিং কাজ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলমান ছিলো বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা যায়, ওয়েল্ডিংয়ের ফুলকি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এসময় পূর্বের আইবিআই সেকশনের পিছনে রক্ষিত পুরাতন নথিপত্রের কিছু অংশ পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ইনচার্জ খান খলিলুর রহমান জানান, রাত ১১ টা ২০ মিনিটে রেলের অফিসে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ২টি গাড়ি ও ১৮ জন ফায়ার ফাইটার নিয়ে ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। রাত ১২ টা ২০ মিনিটে অভিযান সমাপ্ত করতে সক্ষম হই। অগ্নিকান্ডের জায়গাটিতে মেরামতের কাজ চলমান ছিল বিধায় সেখানে কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না, ফলে ইলেক্ট্রিক শর্ট থেকে আগুন লাগার কোন কারণ দেখছি না। এছাড়া পাশের সার্ভার রুমে বিদ্যুৎ সংযোগ থাকলেও সেখানে আগুন লাগার কোন নমুনা চোখে পড়েনি, অর্থাৎ সেখানে আগুন ধরেনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক উদয়ন জানান, সার্ভার রুমের পাশে গোডাউনে আগুন লেগেছে, যেখানে পুরাতন অনেক ফাইল পুড়ে ছাই হয়েছে। সেখানে স্টীলের আলমিরা ছাড়া আর কোন আসবাবপত্র না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (এসিসিএস) এস এম রাশেদ ইবনে আকবর, জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) পি-১ আরিফুজ্জামান শিকদার, পি-২ গোলাম মোর্শেদ, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এমআর মনজু, আরএনবির বিভাগীয় সহকারী কমান্ডার ছালামতউল্যাহ,  স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীবৃন্দ। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। 
সূত্র জানায়, সার্ভার রুমের পাশে যে রুমটিতে আগুন লেগেছে সেখানে পি ১ ও পি ২ এর কেনাকাটার অনেক নথি ছিল, যার বেশিরভাগই পুড়ে গেছে আবার আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানির কারণে কোন ফাইলই অক্ষত নেই। তবে সংশ্লিষ্ট অফিসাররা দাবি করছেন, যেহেতু রুমটি দীর্ঘদিন যাবৎ মেরামতের কাজ চলছিল, তাই আগেই অত্র দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সকল অফিস সরঞ্জামাদি এক মাস পূর্বে শিপিং দপ্তরে স্থানান্তর করা হয়েছে। ফলে সেখানে গুরুত্বপূর্ণ কোন নথি ছিল না। যেগুলো ছিল তা অনেক পুরোনো। অনেক আগেই এসব ফাইলের কাজ সমাপ্ত করা হয়েছে। এতে রেলের চলমান কাজের কোন সমস্যা হবে না। 
স্থানীয় ঠিকাদার ও সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করছে, এই দপ্তরের কেনাকাটায় বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে হয়তো এমন কোন গোপন নথি ছিল যা গায়েব করা দরকার। এসব নথি যাচাই বাছাই করা হলে বড় কোন অনিয়মের চিত্র প্রকাশ পেতে পারে। তাই কোন একটি চক্র পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সাজিয়ে বড় কোন অপরাধ আড়াল করার অপচেষ্টা করতে পারে। অপর একটি সূত্র দাবি করছে সদ্য সরকার গঠন করা বিএনপিকে সমালোনায় ফেলতে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। আবার অন্য একটি সূত্র দাবি করছে, ঈদে নিরাপদ রেল যাত্রাকে বিঘ্নিত বা বিতর্কিত করতে জনসাধারণের দৃষ্টি ভিন্নদিকে ফেরানোর চেষ্টা করতে পারে। 
দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড: এম আর মনজু বলেন, সিসিএস দপ্তরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপস্থিত হওয়া বেশ কয়েকজন রেলকর্মীও ফায়ার ব্রিগেডের কাজে সহযোগিতা করছেন। তাৎক্ষনিক  ঘটনাস্থল পর্যবেক্ষণ কালে আগুন লাগার বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।
নব নির্বাচিত সরকারের প্রথম মাসেই সমাগত ঈদ উপলক্ষ্যে স্বস্তিদায়ক ভ্রমণ ও স্বাচ্ছন্দ্য যাত্রীসেবা নিশ্চিতের কাজে সবাই ব্যস্ত। এ সময় এ ধরনের রহস্যময় আগুন গভীর উদ্বেগের জন্ম দেয়। এটি  পরিকল্পিত দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা আবশ্যক। কারন সিসিএস দপ্তরের কেনাকাটা নিয়ে বিভিন্ন সময় অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। হয়তো এমন কোন ফাইল রয়েছে যা তদন্ত করলে কারোর থলের বিড়াল বের হতে পারে। এই আগুনের অযুহাতে সেসব ফাইল নষ্ট  করার অপচেষ্টার অংশহিসাবে কোন একটি চক্র আগুনের অবতারণা করছে এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। 
তবে এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ রেলওয়ের অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (এসিসিএস) এসএম রাশেদ ইবনে আকবর, তিনি বলেন, এটি দুর্ঘটনা না পরিকল্পিত তা এখনি কিছু বলা যাচ্ছে না। সিসিএস মহোদয় আসছেন, একটি তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে আশার খবর এটিই যে, যেখানে আগুন লেগেছে সেখানে খুব জরুরী কোন ফাইল ছিল না, ফলে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বা কোন আসবাবপত্রও  নষ্ট হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করতে ৫ সদস্যের  একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে আহবায়ক করা হয়েছে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক ক্রয়-১ ও সচিব করা হয়েছে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক ক্রয়-২ কে।  কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী চট্টগ্রাম- ২, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, চট্টগ্রাম ও আরএনবি কমান্ডেন্টকে। 
এবিষয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) মো. বেলাল সরকার বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট হেদায়েত-উল হকের বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

ঘিওর- বানিয়াজুরী -তাড়াইল বেড়িবাঁধ সড়কে সেতুটির নির্মান কাজ স্থবিরতা লোকজনের দুর্ভোগ চরমে

শিকড় হারিয়ে নিঃস্ব বিষখালী পাড়ের মানুষ: ভাঙন রোধ ও দখল-দূষণমুক্ত নদী গড়ার দাবি

হাটহাজারীতে সড়ক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, যাকাত ফান্ডের চেক ও ভিজিএফ চাল বিতরণ

ঝিনাইদহে জামায়াতের হামলায় বিএনপি নেতা খুন; লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কুতুবদিয়ায় অতিরিক্ত দামে জ্বালানী তেল বিক্রির অভিযোগ

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার

বিচারহীনতার ১০ বছর: মায়ের পেটে থাকা সন্তান চাইলেন বাবা হত্যার বিচার

রায়গঞ্জে মহাসড়কের পাশে অচেতন ৪ ব্যক্তি উদ্ধার, হাসপাতালে ভর্তি