নীরব কৌশলের রাজনীতি: রাষ্ট্রপতিকে ঘিরে তারেক রহমানের দীর্ঘমেয়াদি রাজনৈতিক দূরদর্শিতা
বাংলাদেশের রাজনীতিতে উচ্চকণ্ঠ প্রতিবাদ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তীব্র বক্তব্য প্রায়ই জনআলোচনার কেন্দ্র দখল করে। কিন্তু অভিজ্ঞ পর্যবেক্ষকেরা জানেন, ক্ষমতার প্রকৃত গতিবিধি অনেক সময় প্রকাশ্য উচ্চারণের আড়ালে নয়, বরং নীরব ও সুপরিকল্পিত কৌশলের মধ্যেই নির্মিত হয়। এই প্রেক্ষাপটে ১৩তম জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ প্রদান করেন। ওই ভাষণকে ঘিরে বিরোধী দলের যে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে, তা নিছক বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয়; বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে ক্ষমতাসীন দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কৌশলগত অবস্থান ও দূরদর্শিতা বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলার একটি জটিল প্রক্রিয়ার ইঙ্গিত বহন করে।
সংসদের বিরোধী দল- জামায়াতে ইসলামী ও এনসিপি মোর্চাসহ অনেকেই প্রশ্ন তুলছেন, কেন হঠাৎ করে রাষ্ট্রপতিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউ কেউ বিষয়টিকে সরাসরি রাজনৈতিক সমঝোতা বা অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে ভিন্ন এক চিত্র সামনে আসে।
প্রথমেই একটি মৌলিক বিষয় পরিষ্কার করা প্রয়োজন। বিএনপি রাজনৈতিকভাবে কখনোই ব্যক্তি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিজেদের ঘনিষ্ঠ হিসেবে দেখেনি। কারণ তাঁর রাজনৈতিক উত্থান ঘটেছিল এমন এক সময়ে, যখন রাষ্ট্রক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। এই প্রেক্ষাপট বিএনপির রাজনৈতিক স্মৃতিতে এখনও স্পষ্টভাবে বিদ্যমান। ফলে ব্যক্তিগতভাবে তাঁকে বিশেষ সুবিধা দেওয়ার ব্যাখ্যাটি বাস্তবতার সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়।
তাহলে প্রশ্ন আসে, এই গুরুত্বের উৎস কোথায়?
এর উত্তর খুঁজতে হলে ব্যক্তির বাইরে গিয়ে প্রতিষ্ঠানকে দেখতে হবে। রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের ধারাবাহিকতা, সাংবিধানিক বৈধতা এবং রাজনৈতিক পরিবর্তনের সময় এই পদটি অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ- বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতি, দেশের রাজনৈতিক কাঠামোর ভেতরে নতুন অনেক প্রশ্ন তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন, বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, সম্ভাব্য আইন প্রণয়ন, এমনকি ভবিষ্যতে গণভোটের মতো বিষয়গুলো নিয়েও রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের অবকাশ তৈরি হয়েছে।
উদাহরণ হিসেবে বলা যায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে তাই ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়েই শুরু থেকেই কিছু সাংবিধানিক প্রশ্ন রয়েছে বলে অনেক আইনবিদ মনে করেন। একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য দীর্ঘ মেয়াদকাল নিয়েও ভবিষ্যতে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না।
শুধু তাই নয়, এই সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ, উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া, এটর্নি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগ কিংবা আন্তর্জাতিক চুক্তিগুলোও একসময় রাজনৈতিক ও আইনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। ইতিহাস বলে, রাজনৈতিক পরিবর্তনের সময় নেওয়া সিদ্ধান্তগুলো অনেক সময় কয়েক বছর পরে আদালত কিংবা রাজনৈতিক বিতর্কে ফিরে আসে।
এই জায়গাতেই রাষ্ট্রপতি প্রতিষ্ঠানের গুরুত্ব নতুনভাবে সামনে আসে।
যখন রাষ্ট্রপতি জাতীয় সংসদের মতো একটি সাংবিধানিক মঞ্চে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক অতীত, দুর্নীতি, আন্দোলন বা গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে বক্তব্য দেন, তখন সেই বক্তব্য কেবল রাজনৈতিক মতামত হিসেবে সীমাবদ্ধ থাকে না। এটি রাষ্ট্রের আনুষ্ঠানিক রেকর্ডের অংশ হয়ে যায়।
ভবিষ্যতে আদালত, গবেষণা কিংবা রাজনৈতিক বিশ্লেষণে এই ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থাকে। এক অর্থে এটি একটি নথিভুক্ত বয়ান, যা ইতিহাসের ধারাবাহিকতায় সংরক্ষিত হয়ে যায়।
এখানেই অনেক রাজনৈতিক বিশ্লেষক একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য কৌশল দেখতে পান।
যদি রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে অতীত সরকারের দুর্নীতি, রাজনৈতিক পলায়ন কিংবা আন্দোলনের বাস্তবতা রাষ্ট্রের আনুষ্ঠানিক রেকর্ডে স্থান পায়, তাহলে ভবিষ্যতের রাজনৈতিকতর্কে সেটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য সূত্র হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন সেই বক্তব্য এমন একজন রাষ্ট্রপতির কাছ থেকে আসে যিনি একসময় প্রতিপক্ষ সরকারের আমলেই ওই পদে আসীন হয়েছিলেন, তখন তার বক্তব্যের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়ে যায়।
এই দৃষ্টিকোণ থেকে দেখলে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেবল তাৎক্ষণিক রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব দিয়ে ব্যাখ্যা করা কঠিন। বরং এটি একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে।
রাজনীতিতে অভিজ্ঞ নেতারা অনেক সময় সরাসরি সংঘর্ষের পরিবর্তে প্রক্রিয়াভিত্তিক কৌশল বেছে নেন। এতে প্রতিপক্ষকে তাৎক্ষণিকভাবে আক্রমণ না করে বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাপ্রবাহই রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে তোলে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতিকে যারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন, তারা প্রায়ই বলেন তিনি সরাসরি আবেগনির্ভর প্রতিক্রিয়ার চেয়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক হিসাবকে বেশি গুরুত্ব দেন। অনেক সময় তার কৌশল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না, কিন্তু কিছু সময় পর তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
এখানেই আরেকটি বাস্তবতা সামনে আসে- বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের অনেক কর্মী বা নেতার রাজনীতির ধারণা অনেকাংশে সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। ফলে তারা প্রায়ই রাজনীতির দীর্ঘমেয়াদি কৌশলগত দিকটি ধরতে পারেন না।
অভিজ্ঞ রাজনীতিতে কিন্তু অনেক সিদ্ধান্তের ফলাফল দেখা যায় কয়েক বছর পরে। ইতিহাসে এমন উদাহরণও কম নয় যেখানে একটি ছোট রাজনৈতিক পদক্ষেপ ভবিষ্যতে বড় আইনি বা রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কেবল বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া- এভাবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ অদৃশ্যই থেকে যায়। বরং এটি বৃহত্তর একটি কৌশলগত বিন্যাসের অংশ হতে পারে, যার গভীরে রয়েছে ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে সূক্ষ্ম হিসাব-নিকাশ। এই প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকা ও নীরব অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দৃশ্যমান রাজনীতির বাইরে থেকে পরিস্থিতিকে প্রভাবিত করার যে প্রবণতা, সেটিই তাঁর রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিষয় বারবার প্রতীয়মান—নির্ণায়ক চালগুলো সচরাচর প্রকাশ্য সংঘাতে নির্ধারিত হয় না; সেগুলো নির্মিত হয় নীরব, সুপরিকল্পিত কৌশলের ভেতরে। তারেক রহমানের রাজনৈতিক গতিপথ সেই বাস্তবতাকেই নতুনভাবে সামনে আনে, যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চেয়ে দীর্ঘমেয়াদি অবস্থান অধিক গুরুত্ব পায়। ফলে আজকের ঘটনাপ্রবাহকে বিচ্ছিন্নভাবে মূল্যায়ন করলে তার গভীরতর তাৎপর্য অধরা থেকে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে, যখন রাজনৈতিক প্রক্রিয়া তার পূর্ণতা পাবে, তখনই স্পষ্ট হবে, এই নীরব অবস্থান আদতে কতটা সুদূরপ্রসারী কৌশলের অংশ ছিল।
লেখক: গবেষক, কলামিস্ট এবং আন্তর্জাতিক অর্থনীতি ও ভূ-রাজনীতির বিশ্লেষক
এমএসএম / এমএসএম
তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন: উসকানির জবাবে পেশিশক্তি নয়, ধৈর্য ও শৃঙ্খলা!
টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য
গুরু পূর্ণিমা: ঐতিহ্য, ইতিহাস ও গুরু-শিষ্য পরম্পরার মাহাত্ম্য
ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
স্বাগতম অ্যান্ডি বার্নহাম বিদায় কিয়ার স্টার্মার
রথযাত্রা ও ধর্মীয় সম্প্রীতি
অপরিকল্পিত নগরায়ণে ডুবছে চট্টগ্রাম, জনসচেতনতা ছাড়া উত্তরণ সম্ভব নয়
বাধ্যতামূলক বাংলা কিউআর : স্মার্ট ইকোনমির আড়ালে ‘ডিজিটাল দাসত্ব’ ও নজরদারির এক নীল নকশা
সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য
কর্মচারী নিয়োগে একাডেমিক সনদের চেয়ে দক্ষতার গুরুত্ব বেশি হওয়া উচিৎ
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ