ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ১২:২৫

‘ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের ব্যস্ত সময় পার হয়েছে নানামুখী আয়োজনের মধ্য দিয়ে। র‍্যালি, আলোচনা সভা, পেট হেলথ ক্যাম্পেইন, জুনোটিক রোগ বিষয়ে সচেতনতা কার্যক্রম, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম– সব মিলিয়ে নানান আয়োজনের মধ্যদিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা।

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) একটি বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের অর্থনীতি মজবুত করতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য এ খাতের কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজাহান খসরু তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাব-এর সভাপতি অধ্যাপক ড. মাহবুব আলম এবং সঞ্চালনা করেন মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেটেরিনারিয়ান, কৃষিবিদ এবং ভ্যাব নেতৃবৃন্দের পাশাপাশি গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে এবং খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারিয়ানদের অপরিহার্য ভূমিকা জোরালোভাবে প্রকাশ পায়।

এর ধারাবাহিকতায় রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মূল ফটক পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় অনুষদের ২০৪ নম্বর কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী ইলমি আহমেদ বলেন, “প্রতিটি অসহায় প্রাণীর পাশে দাঁড়ানো, তাদের যন্ত্রণা বোঝা এবং তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিই হলো ভেটেরিনারি পেশা। ভেটেরিনারিয়ানরা শুধু প্রাণীদের বাঁচান না; বরং মানুষের জীবন, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, “একজন ভেটেরিনারিয়ান সমাজকে কীভাবে সুস্থ রাখতে সাহায্য করেন, সেটিই আজকের আয়োজনের আলোচ্য বিষয়। আমাদের এবারের প্রতিপাদ্য ‘ভেটেরিনারিয়ানরা নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’। আমরা কতটুকু নিরাপদ খাদ্য গ্রহণ করি, তা অনেকাংশেই নির্ভর করে ভেটেরিনারিয়ানদের দায়িত্বশীল কাজের ওপর।”

এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. জামিনুর রহমান বলেন, “দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো ভেটেরিনারিয়ানদের সামাজিক অবস্থান ও গুরুত্ব স্পষ্ট করা। বিশ্বের সকল ভেটেরিনারিয়ান একটি সুস্থ সমাজ ও মেধাবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পশুপালন, খাদ্য নিরাপত্তা, সুস্থ প্রাণী, জুনোটিক রোগ নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।”

অনুষ্ঠানে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আয়োজিত ‘প্রবন্ধ লিখন ও দেয়াল পোস্টার’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণও করা হয়।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের উদ্যোগে ‘পেট হেলথ ও জুনোটিক রোগ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হওয়া রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নিয়মিত টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পোষা প্রাণীর পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।

ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ডা. শাকীল মাহমুদ বলেন, “জুনোটিক রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং অনেক ক্ষেত্রে তা গুরুতর আকার ধারণ করে। বাংলাদেশে গৃহপালিত প্রাণীর সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সংস্পর্শ থাকায় এ ঝুঁকি বেশি। তাই সচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায়।”

গবি হেলথ ক্লাবের সভাপতি ফারিয়া হক বর্ষা বলেন, “প্রাণী ও মানুষের স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পোষা প্রাণীর সঠিক যত্ন, নিয়মিত টিকাদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।”

সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব (ভি-ম্যাক) এবং গকসুর উদ্যোগে ‘বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় খামারি ও পশুপালকদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় ১,০১২টি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ভেড়া ২০টি, ছাগল ৩৮টি, পোল্ট্রি ৮৮৭টি, গরু ৬৭টি এবং কুকুর-বিড়াল ১৪টি ছিল।

ভি-ম্যাকের সাধারণ সম্পাদক মো. আনসারুজ্জামান সিয়াম বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মাঝে প্রাণিসম্পদ ও পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই কর্মসূচি শুধু খামারিদের জন্যই নয়, ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ভি-ম্যাকের সভাপতি তারেক জাহান বলেন, “অনেক সময় সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আমরা চাই তারা যেন সহজেই সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সেবা পান।”

গকসুর সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, “প্রাণিসম্পদের সু-স্বাস্থ্য কেবল খামারির অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে নয়; বরং জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।”

শিক্ষার্থীদের অংশগ্রহণ, শিক্ষকদের তত্ত্বাবধান এবং জনসেবামূলক কর্মসূচির সমন্বয়ে এবারের বিশ্ব ভেটেরিনারি দিবস গণ বিশ্ববিদ্যালয়ে শুধু একটি দিবস উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার এক বাস্তব অনুশীলনে পরিণত হয়েছে।

এমএসএম / এমএসএম

গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়

বর্ণিল আয়োজনে গবির আইন বিভাগে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন

ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের কৃষি শিক্ষার মডেল হিসাবে তৈরি করাতে চান উপাচার্য

পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে বাকৃবিতে দিনব্যাপী কর্মশালা

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির

ইবি'র দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ভিসি ড. মতিনুর রহমান

গ্রিকালচারাল অলিম্পিয়াডে শেকৃবির শিক্ষার্থীদের সাফল্য

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে শেকৃবিসাসের নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

ইবি'র ১৫তম ভিসি হলেন প্রফে:ড. মতিনুর রহমান