ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:৩১

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সরকারি গাড়ি ব্যবহারে অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশারের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করে তা সরকারি দায়িত্ব হিসেবে নথিভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খাতে প্রতি বছর প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে প্রাপ্ত নথি বিশ্লেষণে দেখা গেছে, প্রশাসনের দুই কর্মকর্তার কিছু ব্যক্তিগত যাতায়াতও সরকারি ব্যয় হিসেবে দেখানো হয়েছে।

তথ্য অধিকার আইনের আওতায় প্রাপ্ত নথি অনুযায়ী, চলতি বছরের ৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে প্রক্টরের জন্য বরাদ্দকৃত গাড়ি ‘প্রক্টরিয়াল ডিউটি’ হিসেবে উল্লেখ করে মোট ৭৭৮ কিলোমিটার চলাচলের তথ্য পাওয়া গেছে। লগবইয়ে প্রতিদিন সকাল ৭টায় দায়িত্ব শুরু দেখিয়ে বিশ্ববিদ্যালয়, তালতলা ও মোহাম্মদপুর এলাকায় একাধিকবার যাতায়াতের তথ্য রয়েছে। মূলত এ সময় গাড়িটি প্রক্টরের সন্তানদের স্কুলে আনা-নেওয়াসহ বিভিন্ন পারিবারিক কাজে ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া ২২ মার্চ ঈদ-উল-ফিতরের ছুটির সময় সাভারের ফ্যান্টাসি কিংডমে পারিবারিক ভ্রমণের ঘটনাও ‘প্রক্টরিয়াল ডিউটি’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে লগবইয়ে উল্লেখ রয়েছে।

নথি অনুযায়ী, মার্চ মাসে গাড়িটি মোহাম্মদপুর, তালতলা, বসিলা, কল্যাণপুর ও বসুন্ধরা এলাকায় একাধিকবার যাতায়াত করেছে এবং এ সময় উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এসব ব্যয়ের বড় অংশ ব্যক্তিগত কাজে হলেও তা সরকারি খাতে সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার গত ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি গাড়ি ব্যবহার করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণ করেছেন বলে লগবইয়ের তথ্য থেকে জানা যায়। গাড়িটির মিটার রিডিং বিশ্লেষণে দেখা যায়, ওই সফরে গাড়িটি মোট ১ হাজার ৪১ কিলোমিটার পথ অতিক্রম করে।

বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করলে ব্যবহারকারীর কাছ থেকে কিলোমিটার প্রতি ২০ টাকা ও ঘন্টা প্রতি ৬০ টাকা হারে অর্থ আদায়ের বিধান রয়েছে।

তবে সংশ্লিষ্ট নথিতে উল্লিখিত যাতায়াতগুলো সরকারি ব্যবহার হিসেবে দেখানো হয়েছে। যার ফলে সম্পূর্ণ ব্যক্তিগত খরচটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই বহন করতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের জন্য বরাদ্দকৃত গাড়ি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। তিনি স্বীকার করেন, দাপ্তরিক কাজের ফাঁকে কখনো কখনো পারিবারিক কাজেও গাড়ি ব্যবহার করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজও করা হয়েছে।

ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার বলেন, তিনি উপাচার্যের অনুমোদন নিয়েই গাড়িটি ব্যবহার করেছেন। তার ভাষ্য, সে সময় গাড়ির ব্যবহার সরকারি না ব্যক্তিগত হিসেবে নথিভুক্ত করতে হবে—এ বিষয়ে তার স্পষ্ট ধারণা ছিল না। ভবিষ্যতে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ট্রান্সপোর্ট পুলের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন হয়। ট্রেজারারের ক্ষেত্রে এমন অনুমোদন মৌখিকভাবে দেওয়া হয়েছিল বলে তিনি জানান। প্রক্টরের গাড়ির বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্য রিকুইজিশনের বিধান থাকলেও প্রক্টরিয়াল দায়িত্বের কথা উল্লেখ করে গাড়ি চাওয়া হলে তা সরবরাহ করতে বাধ্য।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ট্রেজারারের গাড়ি ব্যবহারের অনুমোদন তিনি সরকারি কাজের প্রয়োজন বিবেচনায় দিয়েছিলেন। গাড়ি ব্যবহারের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে প্রক্টরের গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পর্কে আগে অবগত ছিলেন না উল্লেখ করে উপাচার্য বলেন, “বিষয়টি এখন জেনেছি, আমি এটি দেখব।”

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা

ডিআইইউতে ছাত্রদলের কমিটি, সভাপতি রাকিবুল-সম্পাদক ইব্রাহিম