টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
চার দফা দাবিতে টানা আন্দোলনের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে একের পর এক ইতিবাচক অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ ও আগামী ৫২তম বিসিএসে কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র কোড চালুর সিদ্ধান্ত, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের জন্য যাতায়াত ভাতা (টিএ) চালুর উদ্যোগ এবং বিএলআরআইয়ের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা—সব মিলিয়ে দীর্ঘদিনের দাবিগুলোর বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
চার দফা দাবি আদায়ে গত ৫ জুলাই থেকে এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা আন্দোলন শুরু করেন।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ করে প্রফেশনাল ক্যাডারে আরও ১৪জন প্রার্থী সুপারিশ করেছে। একই সঙ্গে আগামী ৫২তম বিসিএস থেকে কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র কোড অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রশাসন সার্বিক তদারকি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করেছে বলে জানা গেছে।
অন্যদিকে, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের জন্য আগামী ইন্টার্নশিপ ব্যাচ থেকে যাতায়াত ভাতা (টিএ) চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য। এ বিষয়ে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির দাবিতে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিরা ইতোমধ্যে বিএলআরআইয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন চৌধুরী টুকুর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন, “আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হলো যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়ন। বিএলআরআইয়ের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির বিষয়টি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই এটি বাস্তবায়নে সময় লাগতে পারে। তবে যেসব দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে দ্রুত বাস্তবায়ন সম্ভব, বিশেষ করে ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের জন্য যাতায়াত ভাতা (টিএ) চালু, সেগুলোর কার্যকর বাস্তবায়ন হলে আমরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেব।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, "শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে পিএসসির মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আগামী ইন্টার্নশিপ ব্যাচ থেকে ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের জন্য যাতায়াত ভাতা (টিএ) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অবশিষ্ট দাবিগুলো বাস্তবায়নেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল— কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) শিক্ষার্থীদের জন্য বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করা, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, টিএ-ডিএ চালু করা এবং ৪৭তম বিসিএসে প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার সমস্যার সমাধান নিশ্চিত করা।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য