কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচজন শিক্ষকের মোট পাঁচটি গবেষণাপত্র আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল থেকে প্রত্যাহার (রিট্র্যাক্ট) করা হয়েছে। সংশ্লিষ্ট গবেষকরা তাদের অবস্থান ও ব্যাখ্যা তুলে ধরে দাবি করেছেন, প্রত্যাহার হওয়া সব গবেষণাপত্রই গবেষণা-অসদাচরণ বা জালিয়াতির কারণে নয়; বিভিন্ন ক্ষেত্রে সম্পাদকীয় মূল্যায়ন, প্রকাশনা-সংক্রান্ত নীতিমালা, রিভিউ প্রক্রিয়া বা সংশোধন-সংক্রান্ত কারণও এর পেছনে ভূমিকা রেখেছে।
সম্প্রতি প্রথম আলোর প্রকাশিত এক সংবাদে বাংলাদেশের মোট ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহারের বিষয়টি উঠে আসে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গবেষণাপত্রের কথা উল্লেখ থাকলেও অনুসন্ধানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আরও চার জন শিক্ষকের মোট পাঁচটি গবেষণাপত্রও বিভিন্ন সময়ে প্রত্যাহার হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যাহার হওয়া গবেষণাপত্রগুলোর লেখকদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মারুফ হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন। এর মধ্যে অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারের দুটি এবং অন্য চার শিক্ষকের একটি করে গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার-সংক্রান্ত নোটিশগুলো পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন গবেষণাপত্রে ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পিয়ার রিভিউ প্রক্রিয়ায় ত্রুটি, অনুপযুক্ত বা অপ্রাসঙ্গিক রেফারেন্স ও সাইটেশন, জার্নালের পরিধির বাইরে থাকা, সাহিত্য পর্যালোচনা ও প্যারাফ্রেজিং-সংক্রান্ত প্রশ্ন, পাঠযোগ্যতা ও তথ্যগত নির্ভুলতা উন্নয়নের প্রয়োজন, সংশোধনের প্রয়োজনীয়তা এবং সম্পাদকীয় মূল্যায়নের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত। তবে সংশ্লিষ্ট গবেষকদের দাবি, এসব প্রত্যাহারের ঘটনাকে গবেষণা জালিয়াতি বা অসদাচরণের সমার্থক হিসেবে দেখা উচিত নয়; বরং অনেক ক্ষেত্রে সম্পাদকীয় মূল্যায়ন, প্রকাশনা-প্রক্রিয়া বা নীতিমালাগত কারণেও গবেষণাপত্র প্রত্যাহার হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রিট্র্যাকশনের কারণ বিবেচনা করে গবেষককে মূল্যায়ন করা উচিত। গবেষণা অসদাচরণ বা অনৈতিকতার প্রমাণ থাকলে তা গুরুতর বিষয় হলেও, একজন গবেষককে তাঁর সামগ্রিক গবেষণা অবদান ও কর্মজীবনের ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত।
প্রত্যাহার হওয়া গবেষণাপত্রগুলোর মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারের দুটি গবেষণাপত্র রয়েছে। এর একটি গবেষণাপত্রে তিনি প্রধান লেখক এবং অন্যটিতে সহ-লেখক ছিলেন।
সহ-লেখক হিসেবে তাঁর প্রকাশিত ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ’ জার্নালের একটি গবেষণাপত্র প্রত্যাহারের বিষয়ে প্রকাশক স্প্রিংগার নেচার জানায়, প্রধান সম্পাদকের সম্মতিক্রমে এটি প্রত্যাহার করা হয়েছে। তদন্তে পিয়ার রিভিউ প্রক্রিয়ার ত্রুটি, অনুপযুক্ত বা অপ্রাসঙ্গিক সূত্র ব্যবহার এবং জার্নালের পরিধির বাইরে থাকা-সহ কয়েকটি সমস্যা শনাক্ত হওয়ায় সম্পাদক ও প্রকাশক প্রবন্ধটির ফলাফল ও উপসংহারের ওপর আস্থা হারান। তবে লেখকরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন। প্রকাশকের ই-মেইলে আরও বলা হয়, “এটি গবেষণা-সাহিত্যের রেকর্ড সংশোধনের অংশ, কোনো গবেষণা-অসদাচরণের শাস্তি নয়।”
এ বিষয়ে অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, “আমি পদোন্নতির সময় মোট ৩১টি প্রকাশনা জমা দিয়েছি তন্মধ্যে একটি প্রকাশনা প্রত্যাহার হয়েছে। আমাদের কোনো গবেষণায় অনিয়ম বা কুম্ভীলকবৃত্তি ছিল না। কেনো গবেষণাপত্র প্রত্যাহার হয় সেই বিষয়ে বিস্তারিত অন্য কোনো প্রবন্ধে বলা যাবে।”
তিনি আরও বলেন, “এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ জার্নালের একটি গবেষণাপত্র প্রত্যাহারের বিষয়ে প্রকাশক স্প্রিংগার নেচার জানিয়েছে, এটি গবেষণা-সাহিত্যের রেকর্ড সংশোধনের অংশ, কোনো গবেষণা-অসদাচরণের শাস্তি নয়।
অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারের আরেকটি গবেষণাপত্র, যা 'হিলিয়ন' জার্নালে প্রকাশিত হয়েছিল। জার্নালের প্রত্যাহার নোটিশে উল্লেখ করা হয়, লেখকরা এমন একটি গবেষণাপত্রের অংশ চৌর্যবৃত্তি ও পুনর্লিখন করেছেন, যা এর আগে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ অ্যান্ড এডিকশন’- এ প্রকাশিত হয়েছিল।
এ বিষয়ে তিনি বলেন, “ হেলিয়ন (হেলিয়ন) জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণাপত্রের ক্ষেত্রে কনসেন্ট ফর্ম (কনসেন্ট ফর্ম), ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড সার্টিফিকেট সাইটেশন ও সিমিলারিটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। আমরা প্রতিটি বিষয়ে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিই। গবেষণার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কার্যকর এথিকস কমিটি না থাকায় নৈতিক অনুমোদন নেওয়া সম্ভব হয়নি এবং বিষয়টি রিভিশন পর্যায়েই সম্পাদকীয় বোর্ডকে জানানো হয়। এখানে উল্লেখ্য যে, হেলিয়ন জার্নাল যে প্লেজিয়ারিজম অ্যান্ড প্যারাফ্রেজ এর কথা বলেছে সেই জার্নাল এবং ঐ অথরদের পেপারের সাথে আমাদের পেপারের বিভিন্ন স্থানে মোট ৭৮ শব্দের মিল রয়েছে যার বেশিরভাগই টার্মিনোলজি, যা একক উৎস হিসেবে ২% মিল এবং যা যথাযথভাবে গবেষকদের নামসহ সাইট (সাইট) করা।"
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মারুফ হাসান একটি গবেষণাপত্র লেখকদের অনুরোধে প্রত্যাহার করা হয়। জার্নালের প্রত্যাহার নোটিশে বলা হয়, লেখকদের দাবি অনুযায়ী গবেষণাপত্রটিতে সংশোধনের প্রয়োজন রয়েছে। একাডেমিক নথির যথার্থতা বজায় রাখতে কমিটি অন পাবলিকেশন এথিকস (COPE)-এর রিট্র্যাকশন নির্দেশিকা অনুসরণ করে প্রবন্ধটি প্রত্যাহার করা হয়েছে। এ কারণে সৃষ্ট অসুবিধার জন্য সম্পাদকীয় বোর্ড দুঃখ প্রকাশ করেছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. মারুফ হাসান বলেন, “রিট্র্যাকশন মূলত দুই ধরনের হয়ে থাকে একটি সম্পাদকীয় কর্তৃপক্ষের মাধ্যমে, অন্যটি লেখকের মাধ্যমে। পেপার সাবমিটের পর তারা আমাকে তিনবার সংশোধনের সুযোগ দেয়। পরে আমার মনে হয়, আমি যে ফলাফল উপস্থাপন করেছি, সেটি অন্য দিকে সরে যাচ্ছে। এরপর তারা আমাদের ৪০০ ডলার পেপ্যালের মাধ্যমে দিতে বলে। কিন্তু আমাদের দেশে তখন পেপ্যাল সুবিধা ছিল না। তাই আমরা নিজেরাই গবেষণাপত্রটি প্রত্যাহার করে নিই। এই পেপারে কোনো জালিয়াতি বা ভুল ছিল না; বরং তারাও বলেছে এটি এখনো বৈধ। পাশাপাশি আমি এটি পদোন্নতি বা অন্য কোথাও ব্যবহার করিনি।”
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনের ‘পাবলিক অ্যাফেয়ার্স’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্র প্রত্যাহারের নোটিশে উল্লেখ করা হয়, গবেষণাপত্রটির পাঠযোগ্যতা ও তথ্যগত নির্ভুলতা উন্নত করতে মৌলিক সংশোধনের প্রয়োজন ছিল। এ কারণে লেখক, প্রধান সম্পাদক এবং প্রকাশক পারস্পরিক সম্মতিতে প্রবন্ধটি প্রত্যাহার করেন। একই সঙ্গে সংশোধিত সংস্করণ পুনরায় জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে, যা নতুন করে পিয়ার রিভিউয়ের মাধ্যমে বিবেচিত হবে।এ বিষয়ে তিনি বলেন, “আমার গবেষণাপত্রটি আমি শিক্ষার্থী থাকাকালীন বিদেশে অবস্থানকালে সম্পন্ন করেছিলাম এবং এটি ২০২০ সালে প্রকাশিত হয়। এর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাফিলিয়েশন নেই। একটি সাইটেশনের অথেনটিসিটির কারণে আমি নিজ উদ্যোগে গবেষণাপত্রটি প্রত্যাহার করে নিই। পাশাপাশি এই গবেষণাপত্রটি আমি শিক্ষক হিসেবে নিয়োগ, পদোন্নতি বা অন্য কোনো আনুষ্ঠানিক কাজে কখনো ব্যবহার করিনি।”
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহর যৌথ গবেষণাপত্র প্রত্যাহারের কারণ হিসেবে প্রকাশক উল্লেখ করেন, তদন্তে গবেষণার সঙ্গে অপ্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া গেছে এবং এ বিষয়ে লেখকরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পাশাপাশি পিয়ার রিভিউয়ের সময় দুইজন রিভিউয়ার অপ্রয়োজনীয় রেফারেন্স যুক্ত করার অনুরোধ করেছিলেন। এসব কারণে সম্পাদক গবেষণাপত্রটির সততা ও ফলাফলের ওপর আস্থা হারিয়ে এটি প্রত্যাহার করেন। তবে লেখকরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন।
এ বিষয়ে সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ বলেন, “বর্তমানে অনেকেই মনে করেন, কোনো গবেষণা প্রবন্ধ প্রত্যাহার হলেই সেটি গবেষণা জালিয়াতির প্রমাণ। বাস্তবে এ ধারণা সঠিক নয়। একটি প্রবন্ধ জালিয়াতি, তথ্য বিকৃতি বা চৌর্যবৃত্তির কারণে যেমন প্রত্যাহার হতে পারে, তেমনি অনিচ্ছাকৃত ভুল, রিভিউ প্রক্রিয়ার ত্রুটি, সম্পাদকীয় সিদ্ধান্ত বা প্রকাশনা-সংক্রান্ত অন্যান্য কারণেও প্রত্যাহার হতে পারে। তাই কোনো প্রবন্ধ প্রত্যাহার হওয়াকে স্বয়ংক্রিয়ভাবে গবেষণা জালিয়াতি হিসেবে আখ্যায়িত করা অনুচিত। আন্তর্জাতিকভাবে পিয়ার রিভিউ প্রক্রিয়ায় গবেষণার সঙ্গে প্রাসঙ্গিক রিভিউয়ার-প্রস্তাবিত রেফারেন্স অন্তর্ভুক্ত করা একটি স্বীকৃত অনুশীলন। আমার প্রবন্ধে রিভিউয়ারের পরামর্শে সংযোজিত সব রেফারেন্সই গবেষণার বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং বৈজ্ঞানিকভাবে প্রাসঙ্গিক ছিল।”
তিনি আরও বলেন, “আমার জানামতে, হেলিয়নের নীতিমালায় এ ধরনের প্রাসঙ্গিক রিভিউয়ার-প্রস্তাবিত রেফারেন্স অন্তর্ভুক্তির ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞা নেই। তবে আমার প্রবন্ধের প্রত্যাহার বিজ্ঞপ্তিতে এ ধরনের রেফারেন্স সংযোজন অনুমোদিত নয় বলে উল্লেখ করা হয়েছে। যদি শুধু এ কারণেই কোনো প্রবন্ধ প্রত্যাহার করা হয়ে থাকে, তবে এ বিষয়ে প্রকাশকের স্পষ্ট ব্যাখ্যা এবং প্রয়োজনে স্বাধীন পর্যালোচনা প্রত্যাশিত। সর্বোপরি, কোনো প্রবন্ধ প্রত্যাহার হয়েছে বলেই লেখককে 'গবেষণা জালিয়াত' আখ্যা না দিয়ে, প্রত্যাহারের প্রকৃত কারণ বিবেচনা করেই মতামত দেওয়া উচিত।”
এ বিষয়ে দুলাল চন্দ্র নন্দী বলেন, “আমরা যখন কোনো গবেষণাপত্র লিখি, তখন যথাযথভাবে সাইটেশন ব্যবহার করি। বিভিন্ন জার্নালে নির্দিষ্ট মাত্রার সিমিলারিটি বা প্লেজিয়ারিজম গ্রহণযোগ্য থাকেকোথাও ১০ শতাংশ, কোথাও ২০ শতাংশ পর্যন্ত। তাই কোনো বিষয়কে কোন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণাপত্রটি মূলত রেফারেন্স ও সাইটেশন-সংক্রান্ত সমস্যার কারণে প্রত্যাহার করা হয়েছে। '
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, “গবেষণাপত্র মূলত দুইভাবে প্রত্যাহার হতে পারে। প্রথমত, লেখক নিজেই স্বেচ্ছায় গবেষণাপত্র প্রত্যাহার করতে পারেন। দ্বিতীয়ত, জার্নাল কর্তৃপক্ষ গবেষণাপত্র রিট্র্যাক্ট বা বাতিল করতে পারে। জার্নাল কর্তৃপক্ষ সাধারণত যেসব কারণে কোনো গবেষণাপত্র রিট্র্যাক্ট করে, তার মধ্যে রয়েছে ডেটা জালিয়াতি, অর্থাৎ মনগড়া তথ্য ব্যবহার করা বা ফলাফলকে ভালো দেখানোর জন্য তথ্য বিকৃত করা; প্লেজিয়ারিজম, অর্থাৎ যথাযথ অনুমতি ছাড়া অন্যের গবেষণা ব্যবহার করা; পদ্ধতিগত ত্রুটি, যেখানে গবেষণার পদ্ধতি, নমুনা নির্বাচন বা পরীক্ষণ প্রক্রিয়ায় এমন ভুল থাকে যা গবেষণার ফলাফলকে অবিশ্বস্ত করে তোলে; এবং নতুন গবেষণার সঙ্গে পূর্বের তথ্যের অসামঞ্জস্য, যেখানে পরবর্তী গবেষণায় আগের ফলাফল ভুল বা অগ্রহণযোগ্য প্রমাণিত হয়।”
বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “অনেক গবেষক শিক্ষার্থীদের মাধ্যমে ফিল্ডওয়ার্ক বা তথ্য সংগ্রহ করান। কিন্তু সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই না করেই অনেক সময় গবেষণাপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে তথ্যে কারচুপি বা অসঙ্গতি ধরা পড়লে সেটি গবেষণাপত্র রিট্র্যাক্ট হওয়ার কারণ হতে পারে। তবে ছোটখাটো টাইপোগ্রাফিক্যাল বা বানানগত ভুলের কারণে সাধারণত কোনো জার্নাল গবেষণাপত্র রিট্র্যাক্ট করে না। এ ধরনের ক্ষেত্রে লেখককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং প্রয়োজন হলে সংশোধনের মাধ্যমে গবেষণাপত্র প্রকাশের সুযোগ থাকে।”
গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “গবেষণার সংখ্যা বাড়ানোর চেয়ে এর গুণমান ও সততা বজায় রাখা বেশি জরুরি। শিক্ষার্থীদের সংগৃহীত ডেটা যাচাই করা, কারও অবদান না থাকলে কেবল গবেষণাপত্রের সংখ্যা বাড়াতে একে অপরের নাম ব্যবহার না করা এবং পূর্ণ সচেতনতা অবলম্বন করা উচিত, যাতে জ্ঞানের সঠিক প্রবাহ ক্ষুণ্ন না হয় এবং কোনো সামাজিক বা পেশাগত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না হয়।”
তিনি আরও বলেন, “প্রত্যেক জার্নালের নিজস্ব নীতিমালা থাকে। কোনো কোনো জার্নাল ১ শতাংশ প্লেজিয়ারিজম থাকলেও গবেষণাপত্র প্রত্যাখ্যান করতে পারে। তাই কোনো গবেষণাপত্র রিট্র্যাক্ট হলে তার কারণ বিবেচনা করে গবেষককে মূল্যায়ন করা উচিত। যদি তা গবেষণা-অসদাচরণ বা অনৈতিক কারণে হয়ে থাকে, সেটি অবশ্যই গুরুতর বিষয়। তবে একজন গবেষককে একটি রিট্র্যাকশনের ভিত্তিতে নয়, তাঁর সামগ্রিক গবেষণা-অবদান ও কর্মজীবন বিবেচনা করে মূল্যায়ন করা উচিত।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘তাদের গবেষণাগুলো সম্পর্কে আমরাও প্রাথমিকভাবে জেনেছি। আমরা বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে জেনে পর্যালোচনা করে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করবো।’
Aminur / Aminur
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে