ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার সাথে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, তদন্তে কমিটি গঠন


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ১:৪৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপন তৎপরতা চালানোর অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ-সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়, গত ৪ ও ৫ আগস্ট বিভিন্ন জাতীয় সংবাদপত্রে "শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা" শীর্ষক একটি সংবাদ ব্যাপকভাবে প্রচারিত হয়।

সংবাদে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে "বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ" নামের ব্যানারে অনলাইন গ্রুপে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত, যাদের মধ্যে পবিপ্রবির কতিপয় শিক্ষকও রয়েছেন।

এই প্রেক্ষাপটে জড়িত শিক্ষকদের পরিচয়, কার্যক্রম ও দায় নিরূপণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। সদস্য হিসেবে আছেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ। সদস্য-সচিবের দায়িত্বে আছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

আদেশে কমিটিকে সত্যানুসন্ধানপূর্বক রাষ্ট্রবিরোধী কাজে জড়িত শিক্ষকদের চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণের পাশাপাশি, অভিযুক্তরা বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন কিংবা হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কি না, তা অনুসন্ধান করতে বলা হয়েছে। প্রয়োজনীয় সুপারিশসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে কমিটিকে অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পবিপ্রবি আইন, ২০০১-এর ৪৭(৪) ধারা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(ঙ) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১২৪ক ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, যার মধ্যে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতি বা বরখাস্তও অন্তর্ভুক্ত থাকতে পারে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ফ্যাসিস্ট, পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিংয়ে উপস্থিত শিক্ষকদের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কয়েকজন শিক্ষকের নাম উঠে আসলেও পবিপ্রবির সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু