ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ২:৩৭

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা প্রস্তাবিত মানবণ্টন পুনর্বিবেচনার দাবি জানান। সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে–ভাইভা যাবে সেই পথে’, ‘ভাইভার নামে দলীয়করণ–বন্ধ কর, করতে হবে’, ‘ভাইভা না মেধা–মেধা, মেধা’, ‘দোয়েল, কোয়েল, ময়না, টিয়া–ভাইভায় এসো ঘুষ নিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে উদ্দেশ্য করেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, “আমরা জুলাই আন্দোলনের কথা ভুলিনি, কিন্তু আমাদের সরকার হয়তো ভুলে গেছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সরকার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্য দিয়ে, আবার তা ফিরিয়ে আনার উদ্দেশ্যে সরকারি চাকরিতে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ এবং ভাইভার নামে কোটাকে ফেরানোর চেষ্টা করছে সরকার।”

তিনি বলেন, “বিএনপির ১৯৯০–৯৬ সালের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সরাসরি প্রতিষ্ঠান দলীয়করণ ও সরকারি চাকরিতে হস্তক্ষেপের প্রথম প্রচেষ্টা চালায় তারা। সরকারের উদ্দেশ্যে বলছি, এসব বন্ধ করুন। তা না হলে পালানোর জায়গা পাবেন না।”

জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, “আমরা সব সময় বলে থাকি—কোটা না মেধা? মেধা, মেধা। কিন্তু এখন আমরা দেখছি, কোটা আবার নতুনভাবে ফিরে আসছে। আজকে আমরা কারও ব্যক্তিগত সুবিধার জন্য এখানে আসিনি। সরকারের এই সিদ্ধান্ত এভাবে বাড়তে দিলে একপর্যায়ে এই সরকার ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা যারা চব্বিশের আন্দোলন দেখেছি, এরপরও যদি আমরা না শুধরাই, আমাদের জন্য যা অপেক্ষা করছে তা হবে আরও ভয়ংকর। তাই এই ব্যবস্থা প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমাদের ইচ্ছা থাকে পড়াশোনা করে দেশের জন্য কাজ করার। কিন্তু এখন দেশের জন্য কাজ করার সেই পথটাই বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই ব্যবস্থা নিয়ে কথা বলা, প্রতিবাদ করা এবং যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।”

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “আমাদের বারবার বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে নামতে হয়। অথচ এই সরকার হওয়ার কথা ছিল জনগণের। কিন্তু সরকার হয়ে যায় নিজের দলের। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।”

তিনি আরও বলেন, “একটি সরকার কীভাবে সবকিছুতে দলীয়করণ করে, তা আশপাশে তাকালেই দেখতে পাবেন। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে দলীয়করণ করা হয়নি। আমরা তারেক সরকারকে জানিয়ে দিতে চাই, ১ হাজার ৪০০ শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে যদি আবার ফ্যাসিবাদী কায়দা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, সেটা আর কখনো হবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা তা মেনে নেবে না।”

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “সরকারি চাকরিতে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে মেধার অবমূল্যায়ন এবং দলীয় লোকদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ভাই শহীদ হয়েছেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ তাদের সুস্থ হওয়ার আগেই তাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে সরকার আবারও বৈষম্যের পথ বেছে নিয়েছে।”

তিনি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরকারকে স্পষ্টভাবে জানাতে চাই, এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে না এলে আমাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানো হলে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মেধাবী শিক্ষার্থীদের চাকরি পাওয়ার জন্য রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হতে হবে। ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের পরীক্ষার মানবণ্টন পরিবর্তনের প্রস্তাবসংবলিত খসড়া বিধিমালা অনুমোদন করা হয়। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব করা হয়েছে। ১৩ থেকে ১৬তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বরেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি