হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ওস্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতেও হামলার ঘটনাগুলোতে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মাত্র তিন দিনের ব্যবধানে দেশের চারটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর যে বর্বর ও কাপুরুষোচিত হামলা সংঘটিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ন্যাক্কারজনক হামলা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।ড্যাব নেতারা জানান, গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুল নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা রাণী, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ওপর হামলা চালান। হামলাকারীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি রোগীর স্বজনদের দায়িত্বে থাকা আনসার কমান্ডারকেও নির্মমভাবে আঘাত করে তার হাত ভেঙে দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।একই দিন রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে নিয়ে আসা কয়েকজন যুবক ট্রলিতে রোগী নেওয়াকে কেন্দ্র করে ট্রলিম্যানকে মারধর করেন। দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে জানায় ড্যাব। এতে কয়েকজন আনসার সদস্য আহত হন।
এরপর ১৭ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মেডিসিন বিভাগের ইউনিট-২-এ কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. আল আমিন সিদ্দিকীর ওপর রোগীর স্বজনরা হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।সবশেষ ১৮ সেপ্টেম্বর সকালে আনুমানিক ১০টার দিকে পানিতে ডুবে যাওয়া এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনরা হামলা চালান। ড্যাবের বিবৃতি অনুযায়ী, এর আগে সকাল ৮টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নবদাপাড়া গ্রামে তিন বছরের শিশু পানিতে ডুবে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ক্ষুব্ধ স্বজনরা ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালান। এ ঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জামানুল রিয়া নামে দুই চিকিৎসক এবং একজন আনসার সদস্যসহ মোট চারজন আহত হন।
ড্যাব নেতারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। অথচ তাদের এই মহান আত্মত্যাগের প্রতিদান হিসেবে লাঞ্ছনা, নির্যাতন ও শারীরিক আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এর চূড়ান্ত ভুক্তভোগী হতে হবে দেশের সাধারণ মানুষকে। তাই নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা বজায় রাখতে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।বিবৃতিতে ড্যাবের পক্ষ থেকে সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত সব অপরাধীকে অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে আহত চিকিৎসক, নার্স, আনসার সদস্যসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ড্যাব।সংগঠনটি আরও জানিয়েছে, দেশের স্বাস্থ্যসেবা খাতকে অনাকাঙ্ক্ষিত সংকটের হাত থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে ‘স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা আইন’ প্রণয়ন ও কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি