ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ২:২৮

নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের খাল ও জলাশয় পরিষ্কারের ১৩টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া, মূল্যায়ন ও বিল পরিশোধের সঙ্গে নির্বাহী প্রকৌশলীর সম্পৃক্ততার প্রমাণ না থাকলেও তাকে বদলি করা হয়েছে। টেন্ডার মূল্যায়ন কমিটির সদস্যদের সরাসরি মূল্যায়নের ভিত্তিতে ঠিকাদার নির্বাচন এবং ইজিপির মাধ্যমে কাজ দেওয়ার পরও নির্বাহী প্রকৌশলীকে এ ঘটনায় দায়ী করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে খাল ও জলাশয় পরিষ্কারের জন্য ১৩টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়। তালিকাভুক্ত ৫৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টি প্রতিষ্ঠান ইজিপিতে এলটিএম টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। যাচাই-বাছাই শেষে ২৩টি প্রতিষ্ঠানকে রেসপনসিভ হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে আফজাল অ্যান্ড ব্রাদার্স চারটি প্যাকেজ এবং সর্দার এন্টারপ্রাইজ চারটি প্যাকেজ পায়। বাকি পাঁচটি প্যাকেজ পায় অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান।

অনুসন্ধানে দেখা গেছে, টেন্ডার মূল্যায়নের জন্য গঠিত কমিটিতে ছিলেন তিনজন কর্মকর্তা। এই কমিটির সদস্যও নির্বাহী প্রকৌশলী শুভ ছিলেন না৷ 

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই করে রেসপনসিভ ঘোষণার প্রক্রিয়াটি সম্পন্ন করে এই মূল্যায়ন কমিটিই। পরবর্তী সময়ে ইজিপির মাধ্যমে ১৩টি প্যাকেজে সাতটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। অর্থাৎ টেন্ডার মূল্যায়নের মূল পর্যায়ে নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ কমিটির সদস্য ছিলেন না।

শুধু টেন্ডার মূল্যায়ন নয়, কাজের বিল পরিশোধের ক্ষেত্রেও নির্বাহী প্রকৌশলীর একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে যে প্রক্রিয়ায় টেন্ডার মূল্যায়ন হয়েছে, সেই প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাইরে নির্বাহী প্রকৌশলীকে কেন বদলির মুখে পড়তে হলো, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

মূল্যায়ন কমিটির সিদ্ধান্তে কাজ, দায় পড়ল নির্বাহী প্রকৌশলীর ওপর

টেন্ডার প্রক্রিয়ার নথি পর্যালোচনায় যদি দেখা যায়, নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন না এবং ঠিকাদার নির্বাচনও তার একক সিদ্ধান্তে হয়নি, তাহলে শুধু নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ভিত্তি কী ছিল, সেই প্রশ্নই এখন সামনে এসেছে। বিশেষ করে ইজিপির মতো ডিজিটাল ও নির্ধারিত এলটিএম প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া সরকারি ক্রয় কার্যক্রমে সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব ও সিদ্ধান্তের একটি নথিভুক্ত রেকর্ড থাকার কথা। সে ক্ষেত্রে মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত, অনুমোদনের ধাপ এবং পরবর্তী বিল প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, তা যাচাই না করে একজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলে সেটি প্রশাসনিকভাবে কতটা যুক্তিসংগত, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

দখলমুক্ত করতে সক্রিয় ছিলেন শুভ আহম্মেদ
অন্যদিকে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে দায়িত্ব পালনকালে নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ খাল ও জলাশয় দখলমুক্ত করার কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত জুন ও জুলাইয়ে প্রধানমন্ত্রীর খাল পুনরুদ্ধার ও সচল করার কর্মসূচিকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হয়। এসব অভিযানে প্রায় ৩০ একরের বেশি খাস জমি দখলমুক্ত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এ ছাড়া কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ দখলদারকে উচ্ছেদ নোটিশও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে দখলে থাকা জমি ও জলাশয় উদ্ধারে এমন কার্যক্রম পরিচালনার কারণে প্রভাবশালী একটি মহল ক্ষুব্ধ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
তাদের অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকা সত্ত্বেও নির্বাহী প্রকৌশলীকে এ ঘটনায় জড়িয়ে বদলি করার পেছনে দখলমুক্তকরণ কার্যক্রমে তার ভূমিকা একটি কারণ হতে পারে।

‘যে প্রক্রিয়ায় ছিলাম না, সেখানেই আমাকে ট্যাগ করা হচ্ছে’
এ বিষয়ে নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “যে প্রক্রিয়ার কোথাও আমি নেই বা ছিলাম না, সেখানে আমাকে ট্যাগ করা হচ্ছে। টেন্ডার মূল্যায়ন কমিটিতে আমি ছিলাম না। মূল্যায়ন কমিটিই প্রতিষ্ঠানগুলোকে রেসপনসিভ করেছে এবং পরবর্তী প্রক্রিয়ায় কাজ দেওয়া হয়েছে। সেখানে আমার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।”

শুভ আহম্মেদ আরও বলেন, “আমি দায়িত্ব পালনকালে একের পর এক দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছি। সরকারি খাস জমি ও জলাশয় দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি। এতে একটি সংক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়েছে। এখন তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে অন্য একটি প্রক্রিয়ার সঙ্গে জড়ানোর চেষ্টা করছে বলে আমি মনে করি।”

তার দাবি, টেন্ডার মূল্যায়ন থেকে শুরু করে ঠিকাদার নির্বাচন পর্যন্ত যে কমিটি দায়িত্ব পালন করেছে, তাদের সিদ্ধান্তের দায় তার ওপর চাপানো হলে প্রকৃত দায়িত্বশীলদের ভূমিকা আড়াল হওয়ার সুযোগ তৈরি হবে।

প্রশাসনিক আইন বিশেষজ্ঞের বক্তব্য
এ বিষয়ে প্রশাসনিক আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার জাহিদ রহমান বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব, সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় তার সম্পৃক্ততা নির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন।

তিনি বলেন, “কোনো টেন্ডার মূল্যায়ন কমিটিতে কোনো কর্মকর্তা না থাকলে এবং সিদ্ধান্ত গ্রহণের নথিতে তার প্রত্যক্ষ ভূমিকা না থাকলে শুধু পদগত অবস্থানের কারণে তাকে দায়ী করা কতটা যুক্তিসংগত, সেটি অবশ্যই প্রশ্নের বিষয়। তবে পুরো বিষয়টি নির্ভর করবে টেন্ডারের নথি, অনুমোদনের ধাপ, বিল প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনের ওপর।”

তিনি আরও বলেন, “কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই ঘটনায় কার কী দায়িত্ব ছিল, তা সমানভাবে যাচাই না করে একজনকে দায়ী করা হলে প্রশাসনিক সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।”

এদিকে সরেজমিনে ১৩ টি প্যাকেজের ৫ কিলোমিটার এলাকা খাল ঘুরে দেখা গেছে, প্রতিটি খালই এখনো পরিস্কার রয়েছে৷ পরিস্কারের আগের এবং পরের চিত্র একেবারেই ভিন্ন৷ এসব পরিস্কারের পর বাশ দিয়েও বেড়া তৈরী করে একটি টেকসই সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে৷

প্রশ্ন উঠছে বদলির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে
একদিকে টেন্ডার মূল্যায়ন করেছে নির্ধারিত কমিটি, অন্যদিকে ইজিপির মাধ্যমে ঠিকাদার নির্বাচন হয়েছে। আবার বিল প্রক্রিয়াতেও এককভাবে নির্বাহী প্রকৌশলীর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকার কথা নয়। এর বাইরে দায়িত্ব পালনকালে খাল ও জলাশয় দখলমুক্ত করার মতো স্পর্শকাতর কার্যক্রমেও সক্রিয় ছিলেন নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ।

বিশেষজ্ঞদের মতে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তার প্রত্যক্ষ ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নথিতে স্বাক্ষর, অনুমোদন এবং আর্থিক কার্যক্রমে সম্পৃক্ততা পৃথকভাবে যাচাই করা উচিত। তা না হলে প্রকৃত দায় নির্ধারণের বদলে একজন কর্মকর্তাকে দায়ী করার প্রবণতা তৈরি হতে পারে।

এমএসএম / এমএসএম

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার

অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ

জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ