ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১:৬

নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও নিবন্ধন সেবা আধুনিকায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ)।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ এসব দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রারের পদ সৃষ্টি, প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি সেবা সহজ ও নিরাপদ করতে বিভিন্ন দেশের দূতাবাসে সাব-রেজিস্ট্রারদের স্থায়ী পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির সুবিধা প্রদান এবং নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব ট্রেনিং একাডেমি স্থাপন। এ ছাড়া প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগের দাবি জানানো হয়।

ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের বিষয়ে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ, সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ীকরণ এবং দৈনিক ৬০ টাকা মজুরিতে কাজ করা উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করার দাবি জানানো হয়েছে।

সভায় সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন অর্জন ও অগ্রগতি তুলে ধরে জানানো হয়, বর্তমান কার্যনির্বাহী পরিষদের ধারাবাহিক প্রচেষ্টায় ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির লক্ষ্যে ৫৫১টি পদ ক্যাডারভুক্তকরণের প্রক্রিয়া এগিয়ে চলছে। পাশাপাশি সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ বাস্তবায়ন এবং নিবন্ধন আইন ও সম্পত্তি হস্তান্তর আইনের যুগোপযোগী সংশোধন আনা হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত অনুমোদন ও সিদ্ধান্তের মাধ্যমে উপস্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়িত হলে নিবন্ধন বিভাগে প্রশাসনিক গতিশীলতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পাবেন।

এমএসএম / এমএসএম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার