১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (অ্যারাইভাল) ও দুটি বহির্গমন (ডিপারচার) ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলেই তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে টার্মিনালটি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে এসব বিষয়ে প্রয়োজনীয় করণীয়ও নির্ধারণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালুর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ মন্ত্রণালয়, বেবিচক ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
Link Copied