অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিমানবন্দরে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম আরও কমিয়ে আনতে হবে। ফায়ার সার্ভিস, এয়ারফোর্স, সিকিউরিটি, মেডিক্যাল টিম এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
বুধবার (৫ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের প্রতিটি কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্মানিত যাত্রীরা। তাদের নিরাপদ, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ জন্য সতর্ক থাকতে হবে। তাতে যাত্রীরা বিমানবন্দরে এসে আন্তর্জাতিক মানের সেবা পান এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য থাকতে হবে—জিরো কম্প্রোমাইজ অন এভিয়েশন সেফটি।”
মন্ত্রী আরও বলেন, আজকের মহড়ায় যে সুপারিশ আসবে, তা বাস্তবায়নের মাধ্যমে সক্ষমতাকে আরও উন্নতি করতে হবে।
দুর্ঘটনার পর উদ্ধার ও অগ্নিনির্বাপণের মহড়া
মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো উড়োজাহাজ দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ, যাত্রীদের নিরাপদে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম বাস্তবসম্মতভাবে অনুশীলন করা। একই সঙ্গে বিমানবন্দরে কর্মরত ফায়ার ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি, অগ্নিনির্বাপক যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলোও মহড়ার মাধ্যমে মূল্যায়ন করা হয়।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর নির্দেশনা এবং National Civil Aviation Security Programme-এর ধারা ১৬.২.৫.২ অনুযায়ী বিমানবন্দরে নির্ধারিত সময় অন্তর এ ধরনের পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজন করা হয়। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম, প্রস্তুতি ও কার্যকারিতা মূল্যায়ন করা হয়।
মহড়ায় উড়োজাহাজ বিধ্বস্ত ও আগুনের কাল্পনিক দৃশ্য
মহড়ায় একটি কাল্পনিক দুর্ঘটনার দৃশ্যপট উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়, ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা ৯৮ জন যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের ঠিক পূর্বমুহূর্তে ডান পাশের ইঞ্জিনে আগুন এবং কন্ট্রোল প্যানেলে প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারকে অবহিত করে।
সঙ্গে সঙ্গে এটিসি জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট জরুরি সেবা সংস্থাগুলোকে অবহিত করে। এরপর বিমানবন্দরের Airport Emergency Plan কার্যকর করা হলে জরুরি প্রতিক্রিয়ায় নিয়োজিত সব সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেয়।
দৃশ্যপটে আরও দেখানো হয়, জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের মধ্যরেখা অনুসরণ করতে ব্যর্থ হয়ে রানওয়ের নির্ধারিত অংশ অতিক্রম করে উচ্চগতিতে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে এটি রানওয়ের বাম দিকে ছিটকে পড়ে এবং ট্যাক্সিওয়ে সিয়েরা অতিক্রম করে রানওয়ের দক্ষিণ পাশে থেমে যায়।
দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটির নিচের অংশে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো উড়োজাহাজে ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল, উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
এ সময় যাত্রীদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা এবং বিমানবন্দরের জরুরি প্রস্তুতির বাস্তবচিত্র তুলে ধরা হয়।
অংশ নেয় বিভিন্ন সংস্থা
মহড়ায় বেবিচক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী, এপিবিএন, ট্রাফিক উত্তরা বিভাগ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল, মেডিকেল কলেজ ফর উইমেন, জাহানারা ক্লিনিক লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশ নেয়।
দক্ষ জনবল ও সমন্বয়ের ওপর গুরুত্ব
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল, কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে বিদ্যমান সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব। এ মহড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি প্রতিক্রিয়া সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক মহড়া এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের কার্যকর সমন্বয় অপরিহার্য।
তিনি বলেন, এ ধরনের মহড়ার মাধ্যমে জনবলের পেশাগত দক্ষতা, জরুরি সরঞ্জামের কার্যকারিতা এবং সমন্বিত প্রতিক্রিয়া সক্ষমতা যাচাই করা সম্ভব হয়। মহড়ায় অংশগ্রহণকারী সব সংস্থা এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান, সেনা ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেবিচকের সদস্য, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মহড়া শেষে এর বিভিন্ন পর্যায়ের কার্যক্রম মূল্যায়ন করা হয়। মহড়ায় অর্জিত অভিজ্ঞতা ও চিহ্নিত বিষয়গুলো ভবিষ্যতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি ব্যবস্থাপনা এবং সমন্বিত প্রতিক্রিয়া সক্ষমতা আরও উন্নত করতে কাজে লাগানো হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ