ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা অর্থায়ন পরিচালনার সাধারণ নির্দেশিকা, ২০২৬’-এর বৈষম্যমূলক বিধান প্রত্যাহার এবং গবেষণায় শিক্ষকদের সমঅধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমান নির্দেশিকায় গবেষণা প্রকল্পের অনুদান বরাদ্দ ও পরিচালনায় পদমর্যাদা এবং পিএইচডি ডিগ্রিকে একক প্রাধান্য দেওয়ায় তরুণ ও সম্ভাবনাময় গবেষকদের বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গবেষণা প্রস্তাবের মান, পদ্ধতিগত জ্ঞান, অতীত অভিজ্ঞতা, প্রকাশনা ও দল পরিচালনার দক্ষতাই মূল্যায়নের মানদণ্ড হওয়া উচিত। কেবল পদমর্যাদার কারণে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের প্রকল্প প্রধান (পিআই) হওয়ার সুযোগ থেকে বাদ দেওয়া এবং পিএইচডি না থাকায় সিনিয়র অধ্যাপকদের স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বিবেচনা করা অযৌক্তিক। শিক্ষকরা জানান, পাবিপ্রবির ২১৩ জন শিক্ষকের মধ্যে প্রায় ৭৫ দশমিক ৫৯ শতাংশের পিএইচডি ডিগ্রি নেই। ফলে এই শর্ত বহাল থাকলে অধিকাংশ যোগ্য শিক্ষক স্বাধীনভাবে গবেষণা পরিচালনার সুযোগ হারাবেন।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ড. নাফিস হোসাইন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম এবং সহকারী অধ্যাপক আশিকুর রহমান অভি প্রমুখ।
বক্তারা বলেন, মফস্বলের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এমনিতেই অবকাঠামোগত সংকটে রয়েছে। এরপরও তরুণ গবেষকরা নিজেদের মেধা ও প্রকাশনায় এগিয়ে চলেছেন। নির্দিষ্ট ডিগ্রি বা পদের ভিত্তিতে বৈষম্য তৈরি না করে গবেষণার গুণগত মানের ভিত্তিতে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে ইউজিসি বরাবর চার দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। দাবিসমূহ হলো—প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ সব পর্যায়ের শিক্ষকদের পিআই হিসেবে আবেদনের সমান সুযোগ দিয়ে অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন, পিএইচডিবিহীন অধ্যাপকদের গবেষণার ট্র্যাকরেকর্ড বিবেচনায় নেওয়া, পদমর্যাদার বদলে গবেষণা প্রস্তাবের মানকে প্রধান ভিত্তি করা এবং নীতিমালা সংশোধনের আগে নবীন বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা পর্যালোচনা করে গবেষকদের সঙ্গে মতবিনিময় করা।
এমএসএম / এমএসএম
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি