ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:২৪

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ৮৩৪ নম্বর কক্ষটি চার বছর ধরে ছিল তাহমিদুর রহমান পাভেল ও মো. সোয়েব আহমেদ সাইমনের ঠিকানা। ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ২০২৬ সালে অনার্স শেষ করা পর্যন্ত একই কক্ষে থেকেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়জীবনের এই সহাবস্থানই একসময় তাঁদের সামনে একটি অভিন্ন লক্ষ্য তৈরি করে—উচ্চশিক্ষার জন্য একসঙ্গে জার্মানিতে যাওয়া।
‎
‎দুজনের বিভাগ আলাদা। পাভেল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী, আর সাইমন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের। পড়াশোনার ক্ষেত্র ভিন্ন হলেও বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনায় তাঁরা শুরু থেকেই একসঙ্গে ছিলেন। প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয় খোঁজা, ভর্তির শর্ত যাচাই, আবেদন প্রক্রিয়া এবং IELTS-এর প্রস্তুতি—সবকিছুই করেছেন পাশাপাশি।
‎
‎বিশেষ করে একই দেশে দুজনের জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া সহজ ছিল না। কারণ বিষয় আলাদা হওয়ায় একই বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল সীমিত। তাই শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল এমন একটি দেশ নির্বাচন করা, যেখানে দুজনই নিজেদের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
‎
‎পাভেল বলেন, “আমরা প্রায় ১ বছর নিজেরা প্রস্তুতি নিয়েছি দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নিতে আসার জন্য। আমাদের একটাই উদ্দেশ্য ছিল—একসঙ্গে এক দেশে পড়তে যাওয়া। রাতের পর রাত আমরা বিশ্ববিদ্যালয়গুলোর রিকোয়ারমেন্ট চেক করতাম, বিশ্ববিদ্যালয় সর্টিং করতাম, একসঙ্গে IELTS-এর প্রিপারেশন নিয়েছি।”
‎
‎দীর্ঘ প্রস্তুতির পর জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পান দুজনই। তবে সেখানে পৌঁছানোর সময় এক হয়নি। বিশ্ববিদ্যালয় ও ভিসা প্রক্রিয়ার সময়সূচির কারণে সাইমন ২০২৬ সালের মে মাসে জার্মানিতে পৌঁছান। পাভেলকে অপেক্ষা করতে হয় আরও কয়েক মাস। জুলাইয়ে তাঁর ভিসা হয় এবং সেপ্টেম্বরে তিনি জার্মানিতে পৌঁছান।
‎
‎সাইমনের জন্য অপেক্ষাটা ছিল বন্ধুর পৌঁছানোর অপেক্ষা। তিনি বলেন, “সামার সেশনে মে মাসে আমি আগে ভিসা পেলেও আমার সাফল্য অধরাই থেকে যায়; কারণ তখনো পাভেলের ভিসা হয়নি। পরবর্তীতে জুলাই মাসে যখন পাভেল ভিসা পেল, কেবল তখনই আমার চূড়ান্ত সার্থকতা আসলো।”
‎
‎বর্তমানে দুজনই জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে অবস্থান করছেন। তাঁদের বিশ্ববিদ্যালয় আলাদা হলেও থাকার জায়গা একই। তাহমিদুর রহমান পাভেল University of Würzburg-এ International Economic Policy (M.Sc) এবং মো. সোয়েব আহমেদ সাইমন Weihenstephan-Triesdorf University of Applied Sciences-এ Sustainable Regional Development (M.Sc) বিষয়ে স্নাতকোত্তর করছেন। পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় আলাদা হলেও বায়ার্নে একই ফ্ল্যাটে রুমমেট হিসেবে থাকছেন তাঁরা।
‎
‎পাভেলের কাছে একই সঙ্গে মাস্টার্স করার সুযোগ পাওয়াটাই এই দীর্ঘ প্রস্তুতির সবচেয়ে বড় সার্থকতা। তিনি বলেন, “অবশেষে একসঙ্গে থেকে আমাদের মাস্টার্সটি করতে পারছি, এটাতেই আমার কাছে আমার সার্থকতা মনে হচ্ছে।”
‎
‎বিশ্ববিদ্যালয়জীবনে তাঁদের বন্ধুত্বও এই যাত্রার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে। সাইমন বলেন, “বিশ্ববিদ্যালয়জীবন থেকেই আমরা দুজন প্রতিটি কঠিন পরিস্থিতিতে পরস্পরকে সমর্থন দিয়ে পাশে থেকেছি। সেই নিবিড় বন্ধুত্ব থেকেই আমাদের স্বপ্ন ছিল—উচ্চশিক্ষার জন্য বিনামূল্যে পড়ার সুযোগ নিয়ে একসঙ্গে বিদেশে পাড়ি জমানোর।”
‎
‎তবে জার্মানিতে পৌঁছানোর পর তাঁদের পরিকল্পনা শুধু নিজেদের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির সময় তাঁরা নিজেরাই অনুভব করেছিলেন, সঠিক তথ্য ও গাইডলাইনের অভাবে অনেক শিক্ষার্থীকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই তাঁরা গড়ে তুলেছেন ‘GradRoad Consultancy’ নামের একটি প্ল্যাটফর্ম।
‎
‎নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জুনিয়র ও সহপাঠীদের বিনা খরচে বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। এরই মধ্যে তাঁদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবেদন থেকে শুরু করে অফার লেটার পাওয়া এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে সহযোগিতা করেছেন। 
‎
‎বিশ্ববিদ্যালয়ের হলের ৮৩৪ নম্বর কক্ষে যে পরিকল্পনার শুরু, কয়েক বছরের প্রস্তুতির পর তার বাস্তব রূপ এখন জার্মানির বায়ার্নে। পড়াশোনার বিষয় আলাদা, বিশ্ববিদ্যালয়ও আলাদা; কিন্তু চার বছর ধরে একই কক্ষে থাকা দুই বন্ধু এখনো একই ফ্ল্যাটে থাকছেন। তাঁদের গল্পে তাই বিদেশে যাওয়ার সাফল্যের পাশাপাশি জায়গা করে নিয়েছে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার একটি দীর্ঘ অভিজ্ঞতা।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ