ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৪:৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের অংশ হিসেবে একটি বিশেষ উদ্যোক্তা মেলার আয়োজন করেছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ মেলা শুরু হয়।

এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা ও উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করেছেন। ৮টি দলীয় স্টলে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের নিজ নিজ ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন এবং নিজেদের পণ্য বিক্রি করেন। পণ্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খাবার, ইনডোর প্ল্যান্ট, রূপচর্চার পণ্য, বিভিন্ন পোশাকসহ আরও অনেক কিছু।

মেলা পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্টল থেকে পণ্য ক্রয় করেন।

দলীয় স্টলে অংশ নেওয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসকাত ওয়াহিদ চৌধুরী বলেন, ‘আজ আমাদের এন্টারপ্রেনারশিপ ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত তিন মাস ধরে আমরা বিভিন্ন ধরনের পণ্য তৈরি ও উন্নয়নের কাজ করেছি। এসব পণ্যকে ব্যবসায়িক উদ্যোগ হিসেবে কীভাবে বাজারজাত করা যায় এবং কীভাবে একটি ব্যবসা শুরু করা যায়, সে বিষয়ে আমরা হাতে-কলমে শিখেছি। আমরা আমাদের ফ্যাকাল্টির সামনে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে নিজেদের তৈরি পণ্য নিয়ে বসেছি এবং সেগুলো বিক্রি করেছি। এর মাধ্যমে বাস্তব জীবনে মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে ক্রেতার সঙ্গে যোগাযোগ ও ইন্টার‌্যাকশন করতে হয় এবং কীভাবে একটি পণ্য বিক্রি করতে হয়, এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছি।'

পরিদর্শনে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, ‘আজকের এই উদ্যোক্তা মেলা আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহকে বাস্তবে তুলে ধরার একটি চমৎকার উদ্যোগ। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা যে উদ্যোগ ও দক্ষতার সঙ্গে এই মেলার আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু শ্রেণিকক্ষের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যবসায়িক ধারণা তৈরি, ঝুঁকি গ্রহণ এবং কর্মসংস্থান সৃষ্টি করার সক্ষমতাও অর্জন করতে হবে। উদ্যোক্তা মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক ধারণাকে বাস্তব রূপ দেওয়ার পাশাপাশি বাজার, গ্রাহক, অর্থায়ন ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করবে।’

উদ্যোক্তা উন্নয়ন কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক তমা সাহা বলেন, ‘এই উদ্যোক্তা মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান দেওয়া নয়, বরং সেই জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। আজকের এই মেলায় ১৮তম আবর্তনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা নয়টি দলে বিভক্ত হয়ে গত তিন মাস ধরে তাদের উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করেছে এবং আজ তারা সেগুলো বাস্তবে উপস্থাপন করছে। ' 

তিনি আরও বলেন, 'এর মাধ্যমে তারা ব্যবসায়িক পরিকল্পনা, টিমওয়ার্ক, নেতৃত্ব, মার্কেটিং, আর্থিক ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করছে। আমি বিশ্বাস করি, এই ধরনের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বোপরি, এই মেলা শিক্ষার্থীদের ‘চাকরি খোঁজার’ পাশাপাশি ‘চাকরি সৃষ্টির’ মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে।’

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ